'বাদশা' এল চট্টগ্রামে

সিংহী ‘নোভার’ সঙ্গী হতে রংপুর থেকে চট্টগ্রাম চিড়িয়াখানায় পৌঁছেছে পুরুষ সিংহ ‘বাদশা’। অবশ্য বাদশাকে রাখা হয়েছে নোভার পাশের খাঁচায়। এই সিংহ জুটির মাধ্যমে ভবিষ্যতে বংশবৃদ্ধির আশা করছেন চিড়িয়াখানার কর্মকর্তারা। বাদশার বয়স ১১ বছর।
চট্টগ্রাম চিড়িয়াখানার কিউরেটর মনজুর মোরশেদের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি দল গতকাল সোমবার সকালে বাদশাকে নিয়ে রংপুর থেকে চট্টগ্রাম পৌঁছান। এর আগে গত ২৮ আগস্ট চট্টগ্রাম চিড়িয়াখানা থেকে সিংহী নোভার বোন ‘বর্ষা’-কে নিয়ে দলটি রংপুরে যায়। বর্ষার বদলে সেখান থেকে বাদশাকে নিয়ে তারা ফিরে আসে। চট্টগ্রামে পুরুষ সিংহ এবং রংপুরে মেয়ে সিংহ না থাকায় দুই চিড়িয়াখানা কর্তৃপক্ষ একটি বিনিময় চুক্তি করে।
গত শনিবার রাতে রংপুর চিড়িয়াখানা থেকে একটি মিনি ট্রাকযোগে বাদশাকে নিয়ে চট্টগ্রামের উদ্দেশে রওনা দেয়। পথে ঢাকায় যাত্রাবিরতির পর গতকাল চট্টগ্রামে পৌঁছায়।
চট্টগ্রাম চিড়িয়াখানার পশু চিকিৎসক শাহাদত হোসেন বলেন, ‘এখনই দুজনকে এক খাঁচায় দিলে মারামারি করবে। তাই পাশাপাশি খাঁচায় ভাব বিনিময়ের জন্য রাখা হয়েছে। সপ্তাহখানেক পর অবস্থা বুঝে এক খাঁচায় দেওয়ার চিন্তা করা হবে। এ ছাড়া বাদশার নাম পরিবর্তন করে নতুন নাম রাখার চিন্তাভাবনা রয়েছে।’
সিংহ জুটি রাজ-লক্ষ্মীর বাস ছিল চট্টগ্রাম চিড়িয়াখানায়। এখানে বর্ষা ও নোভার জন্ম ২০০৫ সালের ১৬ জুন। দুই সিংহ শাবকের জন্মের পরপরই পুরুষ সিংহ ‘রাজ’ মারা যায়। ২০০৮ সালে মারা যায় মা ‘লক্ষ্মী’। বর্ষা রংপুর চলে যাওয়ায় পর নোভা একা হয়ে পড়ে। বাদশার উপস্থিতিতে তার একাকিত্ব ঘুচবে বলে মনে করছেন চিড়িয়াখানার কর্মকর্তারা।