'বাধা পেলে বিএনপির নেতারা গোলন্দাজ হয়ে উঠবে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রুহুল কবির রিজভী আহমেদ
রুহুল কবির রিজভী আহমেদ

বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, ‘২৫ অক্টোবরের সমাবেশে আসা নিরস্ত্র বিএনপির নেতা-কর্মীরা বাধা পেলে একেক জন গোলন্দাজ হয়ে উঠবে।’

আজ মঙ্গলবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী আহমেদ এ কথা বলেন। তিনি বলেন, ‘২৫ অক্টোবরের সমাবেশে তাঁদের দলের নেতা-কর্মীরা নিরস্ত্র হয়েই আসবে। এ সময় সরকার যদি বাধা দেয় তাহলে তারা হাতের কাছে যা পাবে, তা দিয়েই প্রতিহত করবে। তাদের আটকে রাখা যাবে না, তারা গোলন্দাজ হয়ে উঠবে।’

উল্লেখ্য, গতকাল ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক সাদেক হোসেন খোকা ২৫ অক্টোবরের সমাবেশে সর্বোচ্চ জনসমাগম নিশ্চিত করার পাশাপাশি দলীয় নেতা-কর্মীদের ‘আক্রমণ প্রতিহত করতে প্রয়োজনে’ দা-কুড়াল নিয়ে প্রস্তুত থাকতে নির্দেশ দিয়েছিলেন।

গতকালের এ বক্তব্যের ব্যাখ্যা দিয়ে রুহুল কবির রিজভী আহমেদ বলেন, সাদেক হোসেন খোকা আগ বাড়িয়ে কিছু করার কথা বলেননি। বাধা পেলে প্রতিহত করার কথা বলেছিলেন। রিজভী বলেন, ২৫ অক্টোবরের সমাবেশে দলীয় নেতা-কর্মীরা নিরস্ত্র হয়েই আসবেন। দা-কুড়াল নিয়ে আসবেন না।

বিএনপির এই যুগ্ম মহাসচিব বলেন, তাঁরা যেকোনো মূল্যে ২৫ অক্টোবর ঢাকায় সমাবেশ করবেন। ঢাকা মহানগর পুলিশের কাছে এ জন্য তাঁরা কয়েকটি স্থানে সমাবেশ করার অনুমতি চেয়েছেন।