'বাধ্য সন্তানদের' ক্ষোভের মুখে পড়লেন এরশাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্দেশ মেনে দলের যেসব নেতা গত ৫ জানুয়ারির সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছিলেন, তাঁদের সঙ্গে রুদ্ধদ্বার মতবিনিময় করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচ এম এরশাদ। এ সময় মনোনয়ন প্রত্যাহারকারী নেতারা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান বলে জানা গেছে।

গতকাল মঙ্গলবার সকালে জাপার চেয়ারম্যানের বনানীর কার্যালয়ে এরশাদ এই মতবিনিময় করেন। এতে সাংবাদিকদের প্রবেশাধিকার ছিল না।

বৈঠক-সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, এরশাদ ৫ জানুয়ারির নির্বাচনে দলের সভাপতিমণ্ডলীর সদস্যদের অনেকের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। তাঁর নির্দেশ মেনে মনোনয়ন প্রত্যাহারকারী নেতাদের ‘বাধ্য সন্তান’ বলে অভিহিত করেন। তাঁদের এ বলে আশ্বস্ত করেন যে এ নির্বাচনই জীবনের শেষ নির্বাচন নয়। সামনে নতুন নির্বাচন হবে। সে নির্বাচনে ‘বাধ্য সন্তানদের’ প্রার্থী করা হবে।

৫ জানুয়ারির নির্বাচন বর্জনের ঘোষণা দিয়ে অনেক নাটকীয় ঘটনার পর এরশাদ নিজেও সাংসদ নির্বাচিত হন এবং শপথ নেন। এরপর তিনি প্রধানমন্ত্রীর বিশেষ দূত হিসেবে নিয়োগ পান। এ ঘটনায় এরশাদের নির্দেশ মেনে যাঁরা মনোনয়নপত্র প্রত্যাহার করেছিলেন, তাঁরা হতাশ ও ক্ষুব্ধ হন।

সভার শুরুতে জাপার মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার বক্তব্য দেন। এরপর এরশাদ বক্তব্য শুরু করলে নেতারা হইচই শুরু করেন। কয়েকজন নেতা এরশাদকে বলেন, তাঁর আশপাশে সব দালাল। তাঁদের যেন দল থেকে বাদ দেওয়া হয়।

জানতে চাইলে বৈঠকে উপস্থিত জাপার সভাপতিমণ্ডলীর সদস্য মীর আবদুস সবুর প্রথম অলোকে বলেন, জাপার চেয়ারম্যান মনোনয়নপত্র প্রত্যাহারকারী নেতাদের মূল্যায়ন করার আশ্বাস দেওয়ার পাশাপাশি আগামী নির্বাচনের জন্য নেতা-কর্মীদের প্রস্তুতি নিতে বলেছেন। তবে তা মধ্যবর্তী নির্বাচন কি না, তা দলীয় চেয়ারম্যান পরিষ্কার করেননি।

মতবিনিময় সভায় অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন জাহাঙ্গীর মোহাম্মদ আদেল, আবুল কাশেম, এস এম ফয়সাল চিশতী, জহিরুল ইসলাম, জহিরুল আলম প্রমুখ।