'বাধ্যতামূলক' সৌজন্য সাক্ষাৎ
নিয়ম অনুযায়ী পরিচালকের দপ্তরে এসে বদলির আদেশের কপি জমা দিতে হয়। দাপ্তরিক এই কাজ শেষে নতুন কর্মস্থলে দায়িত্ব বুঝে নেন চিকিৎসকেরা। কিন্তু দেশের বিভিন্ন হাসপাতাল থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) বদলি হয়ে আসা চিকিৎসকদের যোগদানের আগে ‘বাধ্যতামূলক’ সৌজন্য সাক্ষাৎ করতে হয়েছে বিএমএ চট্টগ্রামের দপ্তর সম্পাদকের সঙ্গে। এ নিয়ে চিকিৎসকেরা ক্ষোভ প্রকাশ করলেও নাম উদ্ধৃত হয়ে কোনো মন্তব্য করতে চাননি। গতকাল শনিবার চমেক হাসপাতালে এ ঘটনা ঘটেছে।
চমেক হাসপাতাল সূত্র জানায়, বিএমএ চট্টগ্রামের দপ্তর সম্পাদক আবুল হোসেনের সঙ্গে দেখা করার পরই যোগদানের দাপ্তরিক আনুষ্ঠানিকতা শেষ করতে হয়েছে বদলি হয়ে আসা প্রায় ২০ জন চিকিৎসককে। আবুল হোসেন হাসপাতালের অর্থোপেডিক ওয়ার্ডের আবাসিক সার্জন।
সম্প্রতি স্বাস্থ্য অধিদপ্তর দেশের বিভিন্ন হাসপাতালের ৫০ জন চিকিৎসককে চমেক হাসপাতালে বদলি করে। এর মধ্যে প্রায় ২০ জন চিকিৎসক গতকাল সকালে হাসপাতালে যোগদান করতে গেলে পরিচালকের কার্যালয়ে যান। কার্যালয়ের অফিস সহকারী আবুল হাসেম তাঁদের আবাসিক সার্জন আবুল হোসেনের সঙ্গে আগে সাক্ষাৎ করতে পাঠান। হাসেম তাঁদের বলেন, ‘উনার (আবুল হোসেন) কাছ থেকে মৌখিক অনুমতি নিয়ে আসেন। তারপর যোগদান করবেন।’
নাম না প্রকাশের শর্তে যোগদান করতে আসা কয়েকজন চিকিৎসক প্রথম আলোকে বলেন, প্রায় দেড় ঘণ্টা অপেক্ষার পর সকাল সাড়ে ১০টার দিকে আবুল হোসেনের সঙ্গে তাঁরা সাক্ষাৎ করতে সক্ষম হন। তবে এরপর যোগদান করা নিয়ে আর কোনো সমস্যা হয়নি।
অভিযোগের বিষয়ে বিএমএ (বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন) চট্টগ্রাম শাখার দপ্তর সম্পাদক আবুল হোসেন প্রথম আলোকে বলেন, ‘যাঁরা আসছেন সবাই যোগদান করেছেন। আরও আসছেন। এঁরা সবাই তো আমাদের পরিচিত ছেলেমেয়ে। এমনিতে আমার সঙ্গে দেখা করতে যেতেই পারেন। এখানে কাউকে যোগদানে বাধা দেওয়া হচ্ছে না।’
তবে আওয়ামী লীগপন্থী চিকিৎসকদের সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আ ম ম মিনহাজুর রহমান বলেন, ‘এটা তো হতে পারে না।’
এ বিষয়ে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. জালাল উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘এখানে ডা. শাহীনের (আবুল হোসেন) কোনো ভূমিকা নেই। সবাই যোগদান করতে আমার কাছে আসবে। তবে আমাদের চিকিৎসকদের মধ্যে বিএমএ নেতাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করার একটি প্রবণতা দেখা যায়।’