'বানত সব শ্যাষ, হামার স্বপ্ন ভাঙে চুরমার হচে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘দেনা করে চরের দুই বিঘা জমিত আউশ আর তিন বিঘায় পাট লাগাচিলাম। স্বপ্ন দেকচিলাম, হাটত পাট বেচে ঘরত ভাত তুলমো। কিন্তু বানত সব শ্যাষ। হামার স্বপ্ন ভাঙে চুরমার হচে।’ কথাগুলো বলছিলেন বগুড়ার সোনাতলা উপজেলার পাকুল্যা ইউনিয়নের খাটিয়ামারী চরের কৃষক আয়নাল হোসেন। তিনি পাট কেটে জাগ দিয়ে রেখেছিলেন নদীর ধারে। বন্যার পানিতে ভেসে গেছে সব।
গতকাল মঙ্গলবার বগুড়ার সারিয়াকান্দি ও সোনাতলা উপজেলায় সরেজমিনে কথা হয় কৃষক ও বন্যাকবলিত মানুষের সঙ্গে। তাঁরা জানান, দুটি উপজেলার চর এবং যমুনাপারের জমিতে রোপা আমন, পাট, শাকসবজি ও আউশ আবাদ করেছিলেন কৃষকেরা। কিন্তু নদীতে পানি বেড়ে যাওয়ায় তিন থেকে চার সপ্তাহ আগে এসব ফসল তলিয়ে গেছে। বন্যার আগে কোনো কোনো কৃষক পাট কেটে খালের পানিতে বা নদীর কিনারে জাগ দিয়ে রেখেছিলেন। পাটের সেই জাগও ভেসে গেছে বানের পানিতে।
বগুড়া জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, বন্যায় জেলার দুটি উপজেলায় ৭ হাজার ১৮০ হেক্টর জমির ফসল তলিয়ে গেছে। এর মধ্যে সারিয়াকান্দিতে ২ হাজার ৪৩০ হেক্টর জমির পাট, ১ হাজার ৫২০ হেক্টর জমির আউশ, ১ হাজার ২৯৫ হেক্টর রোপা আমন, ১০৭ হেক্টর বীজতলা এবং ২৩ হেক্টর সবজির খেত পানির নিচে তলিয়ে গেছে। আর সোনাতলায় ৪৭৫ হেক্টর জমির আউশ, ৭৬০ হেক্টর জমির পাট, ৫৪০ হেক্টর জমি রোপা আমন, ১৯ হেক্টর জমির বীজতলা এবং ১১ হেক্টর জমির শাকসবজির খেত তলিয়ে গেছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, বন্যা আরও দীর্ঘস্থায়ী হলে এবং সহসা পানি নেমে না গেলে বেশির ভাগ ফসল নষ্ট হবে। এতে কমপক্ষে ৫০ কোটি টাকার ক্ষতি হবে।
কৃষকেরা বলছেন, তাঁদের কষ্টে ফলানো ফসল তিন সপ্তাহ ধরে বন্যার পানিতে ডুবে আছে। পানি নেমে গেলেও পলি জমে ফসল নষ্টের আশঙ্কা রয়েছে। ফসলের অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে শঙ্কা-অশ্চিয়তায় দিন কাটছে তাঁদের। বন্যা যত দীর্ঘস্থায়ী হচ্ছে, কৃষকের ফসল হারানোর শঙ্কা তত বাড়ছে।
খাটিয়ামারী চরের মতোই স্বপ্ন ভেঙে চুরমার সোনাতলা উপজেলার পাকুল্যা ও তেকানী চুকাউননগর এবং সারিয়াকান্দি উপজেলার চর কাজলা, কর্ণিবাড়ী, বোহাইল, চালুয়াবাড়ী এবং যমুনার তীরবর্তী কুতুবপুর, কামালপুর, চন্দনবাইশা, হাটশেরপুর ও সদর ইউনিয়নের বহু কৃষকের।
সারিয়াকান্দির রোহদহ গ্রামের কৃষক সোলায়মান আলী বলেন, ‘নতুন ও পুরোনো বাঁধের মাঝখানে পাঁচ বিঘা জমিত আগাম আমন ধান লাগাচিলাম। হাল চাষ, চারা কেনা, চারা রোপণ, সার কেনার জন্য খরচ হইচিল প্রায় ৩০ হাজার টাকা। কিন্তু সেই ধানখেত এখন পানির নিচে।’ একই গ্রামের মন্টু প্রামাণিক বলেন, ‘পাঁচ বিঘার জমিত পাট লাগাচিলাম। খেতের সেই পাট এখন বানের পানির নিচে।’
বগুড়া জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপপরিচালক কামাল উদ্দিন তালুকদার প্রথম আলোকে বলেন, পানি নেমে গেলে বোঝা যাবে বন্যায় কৃষির ক্ষতির পরিমাণ টাকার অঙ্কে কত। কৃষির ক্ষয়ক্ষতির চিত্র দেখতে ইতিমধ্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক নিজেই বন্যাদুর্গত এলাকা পরিদর্শন করেছেন।