‘বানের পানির মতো আসছে মাদক’
ঠাকুরগাঁওয়ের বিভিন্ন স্থানে এখন হাত বাড়ালেই পাওয়া যায় মাদক। তাই নেশায় আসক্ত হয়ে পড়েছে অনেক কিশোর ও তরুণ। আর নেশার টাকা জোগাড় করতে তারা চুরি, ছিনতাই ও চাঁদাবাজির মতো অপরাধে জড়িয়ে পড়ছে।গত রোববার জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় উপস্থিত সদস্যরা বলেন, মাদকে ঠাকুরগাঁও ছেঁয়ে গেলেও ঠাকুরগাঁও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তেমন কোনো অভিযান নেই। সভায় এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন জেলা প্রশাসক শহিদুজ্জামান ও পানিসম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেন।সম্প্রতি বালিয়াডাঙ্গী এলাকার সাংসদ দবিরুল ইসলাম সংবাদ সম্মেলনে বলেন, সীমান্ত দিয়ে বানের পানির মতো আসছে মাদক। রাতে সুযোগ বুঝে পাচারকারীরা কাঁটাতারের ওপার থেকে প্লাস্টিকের পাইপ স্থাপন করে। এই পাইপের ভেতর দিয়ে ওপার থেকে এপারে তরল ফেনসিডিল ঢেলে দেয়। এ পারের সংশ্লিষ্ট ব্যক্তিরা তা সংগ্রহ করে বোতলজাত করে ব্যবসায়ীদের কাছে সরবরাহ করে।পুলিশ, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর ও স্থানীয় সূত্রে জানা যায়, শহরে এখন সবচেয়ে সহজলভ্য ফেনসিডিল। ভারত থেকে সহজেই পাচার হয়ে আসা ফেনসিডিল পাওয়া যাচ্ছে শহরের বিভিন্ন স্থানে। প্রতিদিন বিভিন্ন মাঠের পাশে, গলিতে, ড্রেনে ফেনসিডিলের খালি বোতল পড়ে থাকতে দেখা যায়।অনুসন্ধানে জানা যায়, মাদক ব্যবসায়ীরা সীমান্ত এলাকার দালালদের সঙ্গে মাদক সরবরাহের চুক্তি করে। চুক্তি অনুযায়ী ব্যবসায়ীরা সন্ধ্যার সঙ্গে সঙ্গে দালালদের বাড়িতে গিয়ে ওঠে। এরপর দালালেরা ভারতের মাদক সরবরাহকারীদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করে চালানের পরিমাণ জানিয়ে দেয়। গভীর রাতে তারা সীমান্তরক্ষীদের চোখ ফাঁকি দিয়ে চলে যায় সীমান্তের কাঁটাতারের বেড়ার কাছে। সেখান থেকে সংকেত পেলেই দালালেরা মাদকের চালান নিয়ে চলে আসে। বালিয়াডাঙ্গী উপজেলার বেউরঝারি সীমান্ত এলাকার বাসিন্দা মুদি ব্যবসায়ী কফিল উদ্দিন জানান, এই সীমান্ত দিয়ে প্রতিদিন প্রায় ৫০ হাজার বোতল ফেনসিডিল পাচার হয়ে আসে। এলাকাবাসী প্রতিবাদ করলে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। মাদক ব্যবসায়ীদের একটি সূত্রে জানা যায়, ঠাকুরগাঁওয়ে মাদক কেনাবেচার বড় ঘাঁটি রয়েছে বালিয়াডাঙ্গী, রানীশংকৈল ও হরিপুর সীমান্তবর্তী এলাকায়। ঠাকুরগাঁও শহরের কলেজপাড়া, সত্যপীর ব্রিজ, আর্ট গ্যালারি মোড়, কালিবাড়ী, পুরাতন বাসস্ট্যান্ড, বাস টার্মিনাল, পল্লী বিদ্যুৎ, চিনিকলের পেছনে, স্টাফ কলোনি, ভেলাজান, শিবগঞ্জ ও রেলস্টেশন এলাকাসহ শহরের বিভিন্ন স্থানে ফেনসিডিল বিক্রি হয়। ঠাকুরগাঁও রোড স্টেশন বাজারে ও রেলস্টেশনের আশপাশে প্রায় ৩০ জন মাদক ব্যবসায়ী রয়েছে।ঠাকুরগাঁও ইসলামনগরের বাসিন্দা সৈয়দ মো. সোলায়মান জানান, প্রতিদিন দুপুর থেকে গভীর রাত পর্যন্ত রোড এলাকায় মাদক বিক্রি হয়। মাদকাসক্তের সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বিভিন্ন এলাকায় পাল্লা দিয়ে বাড়ছে অপরাধ প্রবণতা। গত সপ্তাহে জেলার বিভিন্ন এলাকায় তিনটি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। গত তিন দিনে চুরি হয়েছে প্রেসক্লাবসহ শহরের আটটি বাসা ও ব্যবসাপ্রতিষ্ঠানে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মনিরুজ্জামানের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘অধিদপ্তরের জনবল সংকট রয়েছে। মাদকদব্য নিয়ন্ত্রণের জন্য কোনো যানবাহন নেই। সুযোগ-সুবিধা সীমিত হলেও আমরা সাধ্যমতো কাজ করে যাচ্ছি।’ ভারপ্রাপ্ত পুলিশ সুপার বেলায়েত হোসেন জানান, ধরপাকড় চালানোর পরও মাদক রোধ করা যাচ্ছে না। আইনের ফাঁক গলিয়ে বেরিয়ে এসে তারা আবার মাদক ব্যবসায় জড়িয়ে পড়ছে।