'বানের মধ্যে কোটে যাম'
‘বানের মধ্যে কোটে যাম। সারা দিন নৌকায়। রাইতে ঘড়ের মধ্যে মাচা করি থাকি। পানি বাড়বাড় নাগছে। আল্লায় জানে আর কত দিন থাকপার পাম।’
কথাগুলো কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের পোড়ার চরের সোনাভান বিবির। গত বৃহস্পতিবার দুপুর ১২টায় ব্রহ্মপুত্র নদের ওই চরে গিয়ে দেখা যায়, সোনাভান নৌকায় বসে তিল পরিষ্কার করছেন। পাশে মেয়ে সাবিনা (৫)। স্বামী সামছুল হক পেশায় জেলে। মাছ ধরতে গেছেন। সারা দিন মাছ ধরে যা আয় করে তাই দিয়ে তাঁদের সংসার চলে। পরিবারে আছে আরও এক ছেলে রাসেল (২)।
সোনাভান জানান, গত বুধবার রাতে ঘরে পানি উঠলে চৌকি উঁচু করেন। সারা রাত ঘুম হয়নি। তাঁদের বাড়ি ছিল ঝুনকার চরে। কয়েক মাস আগে বসতভিটা নদে ভেঙে গেলে এখানে এসে অবস্থান নেন। একই চরের আনোয়ার হোসেনের বাড়িতে গিয়ে দেখা যায়, তাঁর স্ত্রী সুজান বিবি সন্তান নিয়ে নৌকায় অবস্থান করছেন। স্বামী আনোয়ার হোসেন রিকশা চালাতে ঢাকায় গেছেন। তিনি বলেন, ‘পানির মধ্যে ছাওয়াটাক নিয়া ঘড়ের মধ্যে মাচা করি থাকি। ভয় নাগে। পানি বাড়লে কোটে যাম, কী করম বুঝবার পারছি না। বানের পানিতে ১০টা হাঁস-মুরগি ভাসি গেছে। গরু-ছাগলের খাবার নাই। বড় বিপদে আছি গো ভাই।’
পাশের গোয়ালপুরি চরে গিয়ে দেখা যায়, প্রবল স্রোতে গোয়ালপুরি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন ভেঙে যাচ্ছে। লোকজন বাড়িঘর সরিয়ে নিচ্ছে। চরের কাউন, তিল, তিসি ডুবে গেছে। চরের সবগুলো বিদ্যালয়ে পানি ওঠায় বন্ধ রয়েছে। বাড়ি সরিয়ে নেওয়ার সময় হাবিল, বাচ্চু, শাজামাল, খলিল, বাছের আলী বলেন, চারদিকে পানি, কোথায় যাবেন বুঝতে পারছেন না। কুড়িগ্রাম থেকে যাত্রাপুর ব্রহ্মপুত্র নদের পারে যাওয়ার পথে দেখা যায়, পাকা সড়কের দুই পাশের গ্রামগুলোতে পানি উঠেছে।
লোকজন কলার ভেলায় চলাচল করছে। গবাদিপশু সড়কে আশ্রয় নিয়েছে। এলাকার বাসিন্দারা জানান, মানুষের চেয়ে গবাদিপশুর সমস্যা বেশি। সর্বত্র পানিতে ডুবে থাকায় ঘাস পাওয়া যায় না।
যাত্রাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জানান, দুধকুমার, সংকোশ ও গঙ্গাধর নদ-নদী ভারতের আসাম ও পশ্চিমবঙ্গ থেকে প্রবাহিত হয়ে যাত্রাপুর ইউনিয়নে এসে ব্রহ্মপুত্র নদে মিশেছে। প্রতিবছর বর্ষায় বন্যা ও ভাঙন দেখা দেয়। এবারও একই অবস্থা। তাঁর ইউনিয়নের নয়টি ওয়ার্ডের সবগুলোতে পানি উঠেছে।