‘বাবা, কিছু টাকা পাঠান’
মৃত্যুর কয়েক ঘণ্টা আগে ভ্যানচালক বাবাকে জোছনা মুঠোফোনে বলেছিলেন, ‘আব্বা, আর সহ্য হইতেছে না। কিছু টাকা পাঠান।’ মেয়ের এই শেষ কথা নিয়েই এখন বিলাপ করছেন বাবা বাহাদুর আলী।রাজশাহীর পবা উপজেলার দুর্গম চরখিদিরপুর গ্রামের স্বামীর বাড়িতে গত রোববার দিবাগত রাতে জোছনার মৃত্যু হয়। বাহাদুর আলী তাঁর মেয়েকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন। তা ছাড়া জোছনার মৃত্যুতে গত মঙ্গলবার বিক্ষোভ করে এলাকাবাসী।পারিবারিক সূত্র জানায়, বছর খানেক আগে খিদিরপুর গ্রামের শাহাজান আলীর ছেলে শহীদুল ইসলামের (২২) সঙ্গে রাজশাহী নগরের ডাঁশমারী খোঁজাপুর মহল্লার বাহাদুর আলীর মেয়ে জোছনার (২০) বিয়ে হয়। কিন্তু বিয়ের পর থেকেই টাকার জন্য শহীদুল স্ত্রীর ওপর নির্যাতন শুরু করেন। সর্বশেষ গত রোববার রাতে জোছনা বাবাকে মুঠোফোনে অন্তত ১০ হাজার টাকা পাঠাতে অনুরোধ করেন। তখনই তিনি বাবাকে জানান, স্বামীর নির্যাতন আর সহ্য করতে পারছেন না। পরের দিন সোমবার সকালেই বাহাদুর খবর পান মেয়ে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে গত মঙ্গলবার বিকেলে দাফন করা হয়।বাহাদুর আলী অভিযোগ করেন, তাঁর মেয়ের পিঠে, কোমরে, ঊরুতে ছোপ ছোপ রক্ত জমে ছিল। তা ছাড়া লাশ উদ্ধারে পুলিশ গেলে জোছনার স্বামীসহ ওই পরিবারের সবাই পালিয়ে যায়। তিনি আরও বলেন, যে ঘরে তাঁর মেয়ে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন বলে বলা হচ্ছে, সেই ঘরে সোজা হয়ে দাঁড়ালে চালা মাথায় ঠেকে। তিনি নিশ্চিত, জোছনাকে হত্যা করা হয়েছে।