'বাবা, আমার আঙ্গুল কি আর গজাবে না?'
‘হরতালত ইশকুল বন্ধ। কাগজ কুরাবার বের হচি। বস্তির বন্ধু মিলটন কয়, চ-খেলবার যাই। ফাঁকা শহরত ওলিগলির ভিতর হামরা খেলে বেড়াচ্চি, আর কাগজ কুরাচ্চি। ইশটেশন ক্লাবের ধারে জঙ্গলের পাশে দেখি, এডা মিষ্টির প্যাকেট। বন্ধু মিলটন কয়—ক্যারে রনি, মিষ্টির প্যাকেটত কী খোলতো দেকি? হামি প্যাকেট খুলি। দেকি দুডা লাল রঙের টেনিস বল। বল প্যায়া হামি কই, দুইজনে দুডা লিমো। এডা বল হামি হাতত লিয়ে লাফানোর জন্য যেই মাটিত ছুড়ে মারিচি, ওমনি বুম! কোনো কিছু বুঝবার আগেই দেকি ধোঁয়ায় অন্ধকার। একটু পর দেকি হামার দুই হাত রক্ত দিয়ে ভাষে যাচ্চে। বাম হাতের দুডা আঙ্গুল উড়ে গেচে। রক্ত ভিজা ডান হাতও অবশ। ঘাড় বেয়ে রক্ত পড়ছে। মনে হচ্চে হামি মরে গেচি। দেকি, মিলটনও যন্ত্রণাত গঙ্গাচ্চে। তারপর আর কিচু মনে নাই।’
বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের চতুর্থ তলার শিশু ওয়ার্ডের বিছানায় শুয়ে যন্ত্রণায় কাতরাতে কাতরাতে গতকাল সোমবার এভাবেই ভয়ংকর সেই দৃশ্যের বর্ণনা করছিল সাত বছরের শিশু রনি। বগুড়া শহরের এসপি ব্রিজসংলগ্ন মালতিনগর বস্তিতেই থাকত সে। কাগজ কুড়ানোর পাশাপাশি শহরের মালতিনগর এলাকার একটি প্রাথমিক বিদ্যালয়ে শিশু শ্রেণীতে পড়ালেখা করে রনি। গত ২৯ অক্টোবর ১৮ দলের ডাকা হরতালে শহরের স্টেশন ক্লাবের পাশে কুড়িয়ে পাওয়া ককটেল বিস্ফোরণে রনি ও মিলটন আহত হয়।
হাসপাতালে রিকশাচালক বাবা তাহেরুল ইসলামের কাছে রনির জিজ্ঞাসা ছিল, ‘বাবা, আমার আঙ্গুল কি আর গজাবে না? ডাক্তার কি হাত কাটে ফালাবে? হাতের আঙ্গুল না থাকলে খামু ক্যামনে?’ তবে রনির একটি প্রশ্নের উত্তরও দিতে পারেননি বাবা।
রনির বাবা তাহেরুল ইসলাম বলেন, ‘রিকশা চালাবার জন্য দুই বছর আগে গাইবান্ধার চুনিয়াকান্দি গ্রাম থ্যাকে বগুড়াত অ্যাসি। মালতিনগর বস্তিত থ্যাকি। বউ মমতা বেগম বাসাবাড়িত ঝিয়ের কাজ করে। দুই ছেলে মনির আর রনিকে মালতিনগর ইশকুলে ভর্তি করাই। রনি লেকাপড়ার পাশাপাশি কাগজ কুড়াতো। ছয় দিন ধরে হাসপাতালে থাকায় সংসারের সব সঞ্চয় শেষ। ওষুধ কিনার টেকা নাই। বাড়িত ভাতের চালও নাই। রোববার এসপি (পুলিশ সুপার) স্যার রনির চিকিৎসার জন্যি কিচু টেকা দিয়েচেন। তাই দিয়ে ওষুধ কিনচি।’
হাসপাতালের অর্থোপেডিক বিভাগের সহকারী অধ্যাপক রেজাউল আলম বলেন, রনির বাঁ হাতের দুটি আঙুল উড়ে গেছে। ডান হাত ও ঘাড় ঝলসে গেছে। সুস্থ হতে আরও এক মাস সময় লাগবে।
বগুড়ার পুলিশ সুপার মোজামেঞ্চল হক বলেন, রনির রিকশাচালক বাবার হাতে কিছু টাকা তুলে দেওয়া হয়েছে।