'বাবা, আমার মেয়েটিকে উদ্ধারে সহযোগিতা করো'
‘দেড় মাস ধরে মেয়েকে ফিরে পাওয়ার জন্য পুলিশ এবং আওয়ামী লীগ ও বিএনপির নেতাদের কাছে ধরনা দিয়েও কোনো কাজ হয়নি। মেয়েকে ফিরে পাওয়ার জন্য আর কোথায় যাব! বাবা, তোমরা পারলে আমার আদরের মেয়েটিকে উদ্ধারে একটু সহযোগিতা করো।’
বান্দরবান প্রেসক্লাবে গতকাল শুক্রবার কান্নাজড়িত কণ্ঠে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় কথাগুলো বলেছেন লামা উপজেলার সরইয়ের ৬০ বছরের শামসুল আলম। তাঁর ১২ বছরের মেয়েকে গত ১ জুন সরইয়ের হাছিনাভিটা এলাকা থেকে মিজান ও শাহ আলম অপহরণ করেছেন বলে তিনি দাবি করেছেন। মিজান শামসুল আলমের বড় মেয়ের সাবেক জামাই।
শামসুল আলম অভিযোগ করে বলেন, ‘এলাকার লোকজন মিজান ও শাহ আলমকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করলেও পুলিশ তাঁদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেনি। দেড় মাস পর পুলিশ বলছে, আমি নাকি মেয়েকে লুকিয়ে রেখে হয়রানি করছি। পুলিশের আশকারা পেয়ে কারাগারে আটক দুই আসামি কারাগার থেকে বের হয়ে আমার হাত-পা ভেঙে দেওয়ার হুমকি দিচ্ছে।’
সরই এলাকার নলিনী বড়ুয়া বলেছেন, দরিদ্র শামসুল আলমের বড় মেয়ে তৈরি পোশাক কারখানায় কাজ করার সময় মিজানের সঙ্গে বিয়ে হয়। পরে শারীরিক-মানসিক নির্যাতন করায় মিজানকে তালাক দিয়েছেন। কিন্তু তাঁদের চার বছরের এক মেয়ে থাকায় মিজান মাঝেমধ্যে শামসুল আলমের বাড়িতে যাওয়া-আসা করার একপর্যায়ে ১২ বছরের মেয়েকে অপহরণ করেন।
অপহৃত হওয়ার কয়েক দিন পর মেয়েটি বন্দিদশা থেকে আরেক নারীর সহযোগিতায় তাকে উদ্ধারের জন্য ফোন করেছিল। এতে সে বলেছে, মিজান ও শাহ আলম জোর করে গাড়িতে তুলে নিয়ে অপরিচিত লোকজনের কাছে তাকে তুলে দিয়েছে। এখন তাকে বন্দী অবস্থায় একটি ঘরে রাখা হয়েছে এবং প্রতিদিন নির্যাতন করা হয়।
লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাজাহান খান দেড় মাসেও শামসুল আলমের মেয়ে উদ্ধার না হওয়ার কথা স্বীকার করে বলেছেন, ঘটনায় মামলা হয়েছে এবং দুই আসামি কারাগারে রয়েছে। আদালত রিমান্ড মঞ্জুর করলে তাঁরা দুই আসামিকে জিজ্ঞাসাবাদ করবেন। তিনি মেয়েকে লুকিয়ে রাখার অভিযোগে শামসুল আলমকে হুমকি দেওয়ার কথা অস্বীকার করেছেন।