‘বাবা ও অন্যদের হত্যা করেন রাজাকার, আলবদর ও মুজাহিদ’
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের ১৩তম সাক্ষী শক্তি সাহাকে আসামিপক্ষের জেরা গতকাল মঙ্গলবার শেষ হয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তাঁর বাবা উপেন্দ্র নারায়ণ ও অন্যদের রাজাকার, আলবদর ও মুজাহিদ হত্যা করেন।আসামির কাঠগড়ায় মুজাহিদের উপস্থিতিতে শক্তি সাহাকে জেরা করেন আসামিপক্ষের আইনজীবী সৈয়দ মিজানুর রহমান। বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ এই জেরা হয়।২০ ফেব্রুয়ারি ট্রাইব্যুনালে দেওয়া জবানবন্দিতে শক্তি সাহা বলেন, মুক্তিযুদ্ধকালে মুজাহিদের ইশারায় গুলি হয়, গুলিবিদ্ধ হয়ে অন্য ১০-১২ জনের সঙ্গে তাঁর বাবাও মাটিতে লুটিয়ে পড়ে মারা যান। ঘটনাটি তিনি পাশের একটি গাবগাছের ওপর থেকে দেখেন।গতকাল জেরায় মিজানুর রহমান প্রশ্ন করেন, আপনার ও আপনার স্ত্রীর পাসপোর্ট আছে? জবাবে শক্তি সাহা বলেন, নেই। তবে তিনি এ পর্যন্ত তিনবার ভারতে গেছেন। প্রথমবার মুক্তিযুদ্ধের সময়, মুজাহিদ মন্ত্রী হওয়ার পর (২০০১ সালের পর) তাঁর লোকজনের অত্যাচারে দ্বিতীয় দফায় এবং স্ত্রীর অসুস্থতার কারণে প্রায় দুই বছর আগে সর্বশেষ ভারতে যান।মুজাহিদের বিরুদ্ধে কোথাও কোনো অভিযোগ করেছিলেন—এ প্রশ্নে সাক্ষী বলেন, না। আপনার বাবা ও অন্যদের কোথায় হত্যা করা হয়েছে—আইনজীবীর এ প্রশ্নে তিনি বলেন, বেড়িবাঁধের পাশে পঞ্চবটি গাছের গোড়ায় তাঁর বাবা ও অন্যদের রাজাকার, আলবদর, মুজাহিদ ও ওহাব গুলি করে হত্যা করেন।এই ঘটনাগুলো এবং সেখানে আপনার মা-বোনের কথোপকথন আপনি কি গাবগাছ থেকে দেখেছেন ও শুনেছেন—এ প্রশ্নে সাক্ষী ‘হ্যাঁ’ সূচক জবাব দেন। ওই গাবগাছ কী এখনো আছে—এ প্রশ্নে তিনি বলেন, না, কেটে ফেলা হয়েছে। আরেক প্রশ্নের জবাবে জানান, গাছটির উচ্চতা ছিল ২০-২৫ হাত।একপর্যায়ে আইনজীবী মত (সাজেশন) দেন, আপনি যে গাবগাছ থেকে ঘটনা দেখার কথা বলছেন তা অবাস্তব, অসম্ভব এবং অসত্য। জবাবে এ মতের বিরোধিতা করে শক্তি সাহা বলেন, এটি সত্য নয়।শক্তি সাহার জেরা শেষে এ মামলায় পরবর্তী সাক্ষীর সাক্ষ্য গ্রহণের জন্য ৫ মার্চ দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।