'বাবা কখন আসবে?'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাড়ে তিন বছরের শিশু তানজিনা আক্তার সুমাইয়া হঠাৎ হঠাৎ তার মাকে জিজ্ঞেস করে বসে ‘বাবা কোথায় মা? বাবা কখন আসবে?’ মেয়ের প্রশ্নের উত্তর দিতে পারেন না মা। তানজিনা ঘর ও আশপাশ ঘুরে দেখে। কিন্তু বাবাকে খুঁজে পায় না।
অবুঝ সন্তানের এ রকম অনেক প্রশ্নের কথা বলতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন লক্ষ্মীপুরে বাসে পেট্রলবোমা হামলায় নিহত বাসচালক নূর আলম সুমনের স্ত্রী তাহমিনা বেগম। গত ৩০ জানুয়ারি রাতে চট্টগ্রাম যাওয়ার পথে লক্ষ্মীপুরের কাছারিবাড়ি এলাকায় দুর্বৃত্তদের ছোড়া পেট্রলবোমা হামলায় দগ্ধ হয়ে মারা যান বাসচালক নূর আলম। গত শনিবার নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার নাটেশ্বর ইউনিয়নের মধ্যম নাটেশ্বর গ্রামের বাড়িতে গিয়ে কথা হয় তাঁর স্ত্রী তাহমিনার সঙ্গে।
তাহমিনা জানান, তানজিনা আর ছেলে এমাম হোসেন শুভকে (৭) নিয়ে লক্ষ্মীপুরের আধুনিক হাসপাতালের পাশে বাসা ভাড়া নিয়ে বাস করতেন তাঁরা। ভালোই চলছিল তাঁদের সংসার। কিন্তু পেট্রলবোমার আগুনে তাঁর সাজানো সংসার ভেঙে চুরমার হয়ে গেছে। স্বামীকে হারানোর পর লক্ষ্মীপুর থেকে বাসা ছেড়ে চলে এসেছেন। শ্বশুরের অভাবের সংসারে ঠাঁই নিতে বাধ্য হয়েছেন। শ্বশুর চাঁন মিয়ার সম্পত্তি বলতে বসতভিটাটুকু। ছেলেদের ওপরই তিনি নির্ভরশীল। তাঁর পাঁচ ছেলে ও তিন মেয়ের মধ্যে নূর আলম ছিলেন মেজো।
তাহমিনা বলেন, নষ্ট রাজনীতির আগুনে তিনি স্বামীকে হারিয়েছেন। তাঁর মৃত্যুর প্রায় আড়াই মাস হতে চললেও সরকারি বা বেসরকারি কোনো সহায়তা তাঁদের ভাগ্যে জোটেনি।
খোঁজ নিয়ে জানা গেছে, পেট্রলবোমায় নিহত নূর আলমের পরিবারকে সাহায্য দেওয়া তো দূরের কথা, সমবেদনাও জানাতে আসেননি উপজেলা প্রশাসনের কোনো কর্মকর্তা বা রাজনৈতিক দলের নেতারা। সহায়তা জোটেনি ইউনিয়ন পরিষদ (ইউপি) থেকেও। স্থানীয় সাংসদ (নোয়াখালী-২) মোরশেদ আলম এর মধ্যে একাধিকার এলাকায় গেলেও নূর আলমের বাড়িতে যাননি। চাঁন মিয়া বলেন, সাংসদ মোরশেদ আলমের সঙ্গে গ্রামের বাড়িতে দুবার এবং ঢাকার বাসায়ও দুবার গিয়ে দেখা করেছেন তিনি। সাংসদ একটি চিঠি (ডিও লেটার) হাতে ধরিয়ে দিয়েছেন। তা এখন পর্যন্ত তিনি কাজে লাগাতে পারেননি।
তাহমিনা বলেন, ছেলে এমাম হোসেনকে স্থানীয় একটি স্কুলে প্রথম শ্রেণিতে ভর্তি করিয়েছেন। সন্তানদের মানুষ করাই এখন তাঁর একমাত্র লক্ষ্য। তিনি সামান্য সেলাইয়ের কাজ জানেন। এখন একটা সেলাইয়ের মেশিন পেলেও কাজে লাগত।