‘বাবা-মা নতুন সোয়েটার কেনার কথা ভাবতেও পারেন না’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘এই শিশুদের বাবা-মা কোনো সময় নতুন সোয়েটার কিনে দেওয়ার কথা ভাবতেই পারেন না। সব সময় শীতের পুরোনো কাপড়ই তাঁরা কিনে দিয়ে থাকেন। তাই আজ নতুন জুতা ও নতুন সোয়েটার পাওয়া তাদের কাছে অন্য রকম আনন্দের। তারা সবাই খুব খুশি হয়েছে।’ এ কথাগুলো বলেন মৌলভীবাজার শহরতলির মাতারকাপন এলাকায় মৌলভীবাজার পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীদের আবাসস্থল সেবক নিবাসে ছোটদের স্কুলের শিক্ষিকা চঞ্চলা বাসফর। গতকাল বুধবার প্রথম আলো মৌলভীবাজার বন্ধুসভা সেবক নিবাসের ছোটদের স্কুলের ১১ শিক্ষার্থীর মধ্যে নতুন জুতা ও সোয়েটার বিতরণ করে। এই শিক্ষার্থীদের সবাই প্রাক-প্রাথমিক পর্যায়ের। শিক্ষার্থীদের কাছে তারা কেন এখানে (বিদ্যালয়) এসেছে জানতে চাইলে ছটফট করা অপু বাসফর বলে, ‘পড়তে আসছি’। এ কথা বলেই সে স্বতঃস্ফূর্তভাবে বলতে শুরু করে, ‘হাট-টিমা-টিম/ তারা মাঠে পাড়ে ডিম...’। পরপর বেশ কটি ছড়া সে সবাইকে শোনায়। চঞ্চলা বাসফর জানান, এ ছড়াগুলো শেখার পেছনেও বন্ধুসভার অবদান রয়েছে। এই শিক্ষার্থীদের পড়ার মতো ভালো বই ছিল না। গত ৪ নভেম্বর প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রথম আলো বন্ধুসভার পক্ষ থেকে মৌলভীবাজার পৌরসভার মেয়র ফয়জুল করিমের উপস্থিতিতে ছোটদের স্কুলের ১১ শিক্ষার্থীর হাতে তুলে দেওয়া হয় নতুন বই, খাতা, কলম ও পেনসিল। সেই দিন পৌর মেয়র ও বন্ধুসভার পক্ষ থেকে শীতের সময় সব শিক্ষার্থীকে নতুন সোয়েটার ও জুতা কিনে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। শিক্ষার্থীদের হাতে একে একে নতুন জুতা ও সোয়েটার তুলে দেন মৌলভীবাজার পৌরসভার সাবেক কাউন্সিলর এবং মৌলভীবাজার চক্ষু হাসপাতালের অবৈতনিক সাধারণ সম্পাদক এ এম ইয়াহিয়া মুজাহিদ, বন্ধুসভার উপদেষ্টা, প্রাবন্ধিক ও মৌলভীবাজার সরকারি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মো. আবদুল খালিক এবং প্রথম আলো মৌলভীবাজারের জেলা প্রতিনিধি আকমল হোসেন। পরে প্রথম আলো বন্ধুসভার সাধারণ সম্পাদক অপূর্ব সোহাগ সব সময় এই শিক্ষার্থীদের পাশে বন্ধুসভা থাকবে বলে তাদের আশ্বস্ত করেন। এ সময় মৌলভীবাজার বন্ধুসভার অন্য সদস্যরাও উপস্থিত ছিলেন।