দিনাজপুরের বিরামপুর উপজেলার সেই আবদুল জলিলের জন্য তিন দিন ধরে সীমান্তে অপেক্ষা করছেন তাঁর স্ত্রী, ছেলে ও মেয়ে। গরু ব্যবসায়ী আবদুল জলিলের (৪০) বাড়ি বিরামপুর উপজেলার কাটলা ইউনিয়নের হরিহরপুর গ্রামে। পরিবার নিয়ে তিনি বিরামপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের মামুদপুর মুন্সিপাড়ায় শ্বশুরবাড়িতে থাকেন। গত সোমবার ভোরে ভারতের পশ্চিম দিনাজপুরের হিলি থানার ছাগলডাঙ্গি এলাকায় বিএসএফের নির্যাতনে আবদুল জলিলের মৃত্যু হয়েছে বলে তাঁর সঙ্গে গরু কিনতে যাওয়া ব্যবসায়ীরা অভিযোগ করেন। সকালে ছাগলডাঙ্গির একটি সরিষাখেতে জলিলের লাশ পড়ে থাকতে দেখেন তাঁরা। পরে বিএসএফ সরিষাখেত থেকে লাশ নিয়ে যায়। তবে ওই দিন পতাকা বৈঠকে বিএসএফ দাবি করে, তাদের হাতে কোনো বাংলাদেশির মৃত্যু হয়নি। তবে জালাল নামের এক ব্যক্তিকে তারা ভারতের হিলি থানার পুলিশের হাতে তুলে দিয়েছে। কিন্তু প্রথম আলোর কলকাতা প্রতিনিধি এবং গরু ব্যবসায়ী জলিলের ভারতে বসবাসকারী স্বজনদের মাধ্যমে হিলি থানায় খোঁজ নিয়ে জানা গেছে, গত পাঁচ দিনে বিএসএফ কোনো বাংলাদেশিকে পুলিশের হাতে তুলে দেয়নি। বিরামপুর সীমান্তের দক্ষিণ দাউদপুর গ্রামের ইউপি সদস্য মো. আফিজ উদ্দিনের বাসায় অবস্থান নিয়েছেন আবদুল জলিলের স্ত্রী ও দুই ছেলেমেয়ে। আফিজ উদ্দিন জলিলের ভগ্নিপতি। গতকাল বুধবার কাটলা সীমান্তে নিখোঁজ জলিলের স্ত্রী আজিমা বেগম প্রথম আলোকে বলেন, ‘বিএসএফ ভেলে কহিচে ওমহার হাতত কেহ মরেনি। সেইটায় সত্যি যেন হয়। মোর স্বামী যেন ভালোয় ভালোয় ফিরি আইসে।’আবদুল জলিলের ছেলে এসএসসি পরীক্ষার্থী আরিফুর রহমান (১৬) কান্নায় ভেঙে পড়ে বলে, ‘আমার বাবা যদি ভারতে পুলিশের হাতে বা হাসপাতালে থাকে, তবে সঠিক স্থানটি কেউ বলতে পারছে না কেন? দেরি হোক, বাবা যেন লাশ হয়ে না ফেরেন।’ জলিলের ভাতিজি-জামাই মো. বেলাল হোসেন (৪০) জানান, জলিলকে চেনেন—এমন তিনজন ভারতীয় নাগরিকের মাধ্যমে হিলি থানা, বালুরঘাট হাসপাতালসহ বিভিন্ন স্থানে খোঁজ নেওয়া হয়েছে। কিন্তু জলিলের কোনো খোঁজ মেলেনি। ইউপি সদস্য আফিজ উদ্দিন বলেন, ‘বিজিবি-বিএসএফ বলছে, জলিল বেঁচে আছে। তিনি বেঁচে থাকলে সন্ধান পাওয়া যেত।’