'বাবা শক্ত আছেন', বললেন কামারুজ্জামানের ছেলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কামারুজ্জামানের পরিবারের সদস্যরা আজ সন্ধ্যায় ঢাকা কেন্দ্রীয় কারাগারে তাঁর সঙ্গে দেখা করতে যান। ছবি: মনিরুল আলম
কামারুজ্জামানের পরিবারের সদস্যরা আজ সন্ধ্যায় ঢাকা কেন্দ্রীয় কারাগারে তাঁর সঙ্গে দেখা করতে যান। ছবি: মনিরুল আলম

জামায়াতে ইসলামীর নেতা মুহাম্মদ কামারুজ্জামানের বড় ছেলে হাসান ইকবাল বলেছেন, তাঁর বাবা মানসিকভাবে দৃঢ় আছেন, শক্ত আছেন। আজ সোমবার রাত পৌনে আটটার দিকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে কামারুজ্জামানের সঙ্গে দেখা করে কারাগারের ফটকে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
এর আগে কামারুজ্জামানের সঙ্গে দেখা করতে যান তাঁর স্ত্রী ও সন্তানসহ ১৬ জন সদস্য। সন্ধ্যা পৌনে সাতটার দিকে তাঁরা ঢাকা কেন্দ্রীয় কারাগারে প্রবেশ করেন। পৌনে আটটার দিকে তাঁরা কারাগার থেকে বেরিয়ে আসেন।
হাসান ইকবাল সাংবাদিকদের বলেন, ‘এ রায় ঐতিহাসিকভাবে ভিত্তিহীন ও মিথ্যা। প্রধানমন্ত্রী, বিচারপতি, যাঁরা এ রায় লিখেছেন, যাঁরা মিথ্যা সাক্ষ্য দিয়েছেন, তাঁদের বিচারের ভার আল্লাহর ওপর ছেড়ে দিলাম।’ তিনি আরও বলেন, ‘আমার বাবা মানসিকভাবে দৃঢ় আছেন, শক্ত আছেন। আমরা হাসি মুখে তাঁকে বিদায় জানিয়েছি। এ রায়ে আমরা বিচলিত নই।’

রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাওয়ার ব্যাপারে হাসান ইকবাল বলেন, ‘রায়ের কপি এখন পর্যন্ত কারাগারে পৌঁছায়নি। পৌঁছানোর পর আইনজীবীদের সঙ্গে আলোচনা করে বাবা সিদ্ধান্ত নেবেন।’

এর আগে ঢাকা কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ জেল সুপার ফরমান আলী বলেন, ‘আমরা এখন পর্যন্ত মহামান্য আদালতের রায়ের কপি পাইনি। তাই কোনো কার্যক্রম চালানো যাচ্ছে না।’

স্ত্রী নুরুন নাহারসহ পরিবারের সদস্যরা কামারুজ্জামানের সঙ্গে দেখা করতে একটি মাইক্রোবাসে করে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে কারাগারের সামনে পৌঁছান। এর ১৫ মিনিট পর পৌনে সাতটার দিকে তাঁদের বহনকারী মাইক্রোবাসটি কারাগারের ভেতরে প্রবেশ করে।

আজ সকালে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের ফাঁসির আদেশ বহাল রাখেন। সকাল নয়টা পাঁচ মিনিটে এজলাসে আসেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাসহ আপিল বিভাগের চার বিচারপতি। এই বেঞ্চের অন্য সদস্যরা হলেন বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞা, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী।

আদেশের পর অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম প্রথম আলোকে বলেন, এখন মৃত্যুদণ্ড থেকে রেহাই পেতে হলে তাঁকে একমাত্র রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করতে হবে। রাষ্ট্রপতি ক্ষমা করলে তবেই মৃত্যুদণ্ড থেকে রেহাই পাবেন তিনি।

কামারুজ্জামানের বাসার আশপাশের অবস্থা স্বাভাবিক
মিরপুর-১১-এর কালশির ৪ নম্বর রোডের ১০৫ নম্বর বাড়িটি কামারুজ্জামানের। ছয়তলা বাড়িটির দোতলা ও তিন তলায় পরিবার নিয়ে থাকতেন তিনি। আজ সকালে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ কামারুজ্জামানের ফাঁসির আদেশ বহাল রাখেন। রায় ঘোষণার পর বিকেলে কামারুজ্জামানের বাসায় গিয়ে দেখা যায় বাসার আশপাশের পরিস্থিতি স্বাভাবিক। আশপাশে কোথাও জামায়াতের নেতা-কর্মীদের কোনো অবস্থান নেই। পরিবারের সদস্যরা ঢাকা কেন্দ্রীয় কারাগারে দেখা করতে যাওয়ায় বাসায় কাউকে দেখা যায়নি।

একাত্তরে সোহাগপুর গ্রামে নির্বিচার হত্যাযজ্ঞের দায়ে ২০১৩ সালের ৯ মে কামারুজ্জামানকে ফাঁসির আদেশ দেন ট্রাইব্যুনাল-২। এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করে আসামিপক্ষ। গত বছরের ৩ নভেম্বর আপিল বিভাগ সংখ্যাগরিষ্ঠ মতে ফাঁসির ওই আদেশ বহাল রাখেন। এরপর গত ১৮ ফেব্রুয়ারি আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়। পরদিন ট্রাইব্যুনাল-২ মৃত্যু পরোয়ানায় সই করে কারাগারে পাঠালে সেখানে বন্দী কামারুজ্জামানকে তা পড়ে শোনানো হয়। পরে ৫ মার্চ ফাঁসির রায় পুনর্বিবেচনার আবেদন করে আসামিপক্ষ। আজ সেই আবেদন খারিজ করেন আপিল বিভাগ।