বিডিআর বিদ্রোহের দিন সশস্ত্র জওয়ানদের ঠেকাতে গিয়ে প্রাণ হারান তৎকালীন বিডিআরের কেন্দ্রীয় সুবেদার মেজর মো. নুরুল ইসলাম (জেসিও-৩৮৪৯)। বিদ্রোহ প্রতিরোধে সাহসী ভূমিকার স্বীকৃতিস্বরূপ রাষ্ট্রীয়ভাবে শহীদের মর্যাদা দেওয়া হয় তাঁকে। কিন্তু শহীদের জন্য প্রাপ্য সুযোগ-সুবিধা আজও পায়নি তাঁর পরিবার।নুরুল ইসলামের ছেলে আশরাফুল আলম বলেন, ২০০৯ সালে বিডিআর বিদ্রোহের ঘটনায় নিহত অন্যদের সঙ্গে তাঁর বাবার লাশ গণকবর থেকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়। ওই বছরের ৪ মার্চ লক্ষ্মীপুরের রামগতির চরলক্ষ্মী গ্রামের বাড়িতে তাঁর বাবার লাশ দাফন করা হয়। মুক্তিযোদ্ধা হওয়া সত্ত্বেও সেদিন তাঁকে কোনো রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া হয়নি। অবশ্য ২০ আগস্ট তাঁর সমাধিতে ‘গার্ড অব অনার’ প্রদান করা হয়। একই বছরের ১০ অক্টোবর তাঁকে শহীদের মর্যাদা দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। এতে তাঁদের পরিবারকে ‘বিধি মোতাবেক শহীদের জন্য প্রাপ্য সুবিধাদি’ দেওয়ার কথা উল্লেখ করা হয়। তিনি আক্ষেপ করে বলেন, ‘বাবা শহীদের মর্যাদা পেলেও আমরা কিছুই পাইনি।’শহীদ নুরুল ইসলাম ১৯৫৪ সালে লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরলক্ষ্মী গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে অংশ নেন তিনি। ১৯৭২ সালে বিডিআরে যোগদান করেন। পরে তিনি সুবেদার মেজর পদে পদোন্নতি লাভ করেন। কর্মজীবনে তিনি চারবার ডিজি পদক পান। পিলখানায় বিডিআর সদর দপ্তরে কর্মরত থাকা অবস্থায় বিদ্রোহ ঠেকাতে গিয়ে প্রাণ হারান তিনি।আশরাফুল আলম জানান, তাঁর বাবা শহীদ হওয়ার পর ঢাকার পিলখানার সরকারি বাসভবনটি ছেড়ে দিতে হয় তাঁদের। ২০১০ সালে দুই বছরের জন্য দুই কক্ষের একটি বাসা বরাদ্দ দেওয়া হয়। আগামী জুনে সেই বাসার বরাদ্দের মেয়াদও শেষ হয়ে যাবে। তিনি আরও জানান, গ্রামের বাড়িতে তাঁদের কোনো জমিজমা নেই। চার ভাই-বোন আর মাকে নিয়ে তাঁদের সংসার। এর মধ্যে দুই বোনের বিয়ে হয়ে গেছে। তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে এমবিএ পড়ছেন। ছোট বোন নাছরিন আক্তার পিলখানার বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ রাইফেলস স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষা দিচ্ছে। এদিকে মা আয়েশা বেগম মানসিকভাবে ভেঙে পড়েছেন। তিনি নিউমোনিয়া ও ফুসফুসে ক্ষতজনিত সমস্যায় আক্রান্ত হয়ে ১৬ ফেব্রুয়ারি থেকে বিজিবি হাসপাতালে চিকিৎসাধীন।জানা যায়, বিদ্রোহে ক্ষতিগ্রস্ত শহীদ পরিবারকে প্রধানমন্ত্রীর দপ্তর, সেনাবাহিনী, বিজিবি এবং ব্যাংকার্স অ্যাসোসিয়েশন নানা সহায়তা দিয়েছে। ২০১০ সালের ২৫ ফেব্রুয়ারি প্রথম আলোয় প্রকাশিত এক সাক্ষাৎকারে বিজিবির সাবেক মহাপরিচালক মেজর জেনারেল রফিকুল ইসলাম বলেছিলেন, ‘আমার জানামতে, শহীদ সেনা পরিবারের সদস্যরা অনেক সহযোগিতা পেয়েছেন। এর মধ্যে আছে প্রধানমন্ত্রীর তহবিল থেকে প্রতি পরিবারের জন্য ১০ লাখ টাকা, সেনাপ্রধানের তহবিল থেকে পাঁচ লাখ টাকা, পারিবারিক নিরাপত্তা প্রকল্প থেকে আট লাখ টাকা, পারিবারিক পেনশন ৫০-৬০ লাখ টাকা, প্রতি পরিবারের জন্য মিরপুর ডিওএইচএসে চার কাঠার প্লট, ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে প্রতি পরিবারের জন্য মাসিক ৪০ হাজার টাকা করে ১০ বছরের জন্য অনুদান। এ ছাড়া যোগ্যতা অনুযায়ী পরিবারের সদস্যদের চাকরি দেওয়া হয়েছে।’শহীদ নুরুল ইসলামের ছেলে আশরাফুল আলম বলেন, ‘এসব সুযোগ-সুবিধা পাওয়ার জন্য আমার মা প্রধানমন্ত্রীর কাছে একাধিকবার আবেদন করেন। কিন্তু কোনো কাজ হয়নি।’