‘বাবা শেষ পর্যন্ত বাড়ি আসলো ঠিকই, তবে লাশ হয়ে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমার আব্বুর তো আজই (গতকাল সোমবার) বাড়ি আসার কথা ছিল। বাবা শেষ পর্যন্ত বাড়ি আসলো ঠিকই। তবে লাশ হয়ে। এখন কে আমাকে আম্মু বলে ডাকবে।’ বড় বোন নাওয়ার নাজাফাতের এ আহাজারি শুনে আট বছরের শিশু আবরার আরহাম বাবার লাশের ওপর আছড়ে পড়ে ‘আব্বু’ ‘আব্বু’ বলে চিত্কার করছিল। তাদের মা আফরোজা আক্তার তখন শোকে পাথর। সন্ত্রাসীদের ছুরিকাঘাতে সিলেট সরকারি মহিলা কলেজের নিহত শিক্ষক হারুন-অর-রশিদের লাশ গতকাল সোমবার রাতে তাঁর গ্রামের বাড়ি মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বাছট গ্রামে পৌঁছানোর পর সেখানে এ দৃশ্যের অবতারণা হয়। দুই ভাই-বোনের মধ্যে নাজাফাত বড়। তার ছোট ভাই আবরাম তৃতীয় শ্রেণীর ছাত্র। নাজাফাত এবার এসএসসি পরীক্ষা দিয়েছে সাটুরিয়ার ধুল্যা উচ্চবিদ্যালয় থেকে। গত রোববার ছিল তাঁর জীববিজ্ঞান বিষয়ের ব্যবহারিক পরীক্ষা। ওই দিন দুপুরে তার মা আফরোজা তার পরীক্ষা কেন্দ্রে গিয়েছিলেন। মুঠোফোনে স্বামীর মৃত্যুর খবর পেয়ে পরীক্ষা কেন্দ্রের বাইরে অচেতন হয়ে পড়েন তিনি। পরীক্ষা শেষে বাড়ি গিয়ে নাজাফাত বাবার মৃত্যুর খবর পায়।গতকাল রাত নয়টায় হারুন-অর-রশিদের লাশ তাঁর গ্রামের বাড়ি বাছট পৌঁছলে সেখানে কান্নার রোল পড়ে যায়। রাতেই স্থানীয় বাছট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তাঁর শেষ জানাজা অনুষ্ঠিত হয়। পরে মহিষালোহা কবরস্থানে মা-বাবার কবরের পাশে তাঁকে দাফন করা হয়।নিহতের স্ত্রী আফরোজা জানান, তাঁর স্বামী ঠিক করেছিলেন মেয়ের পরীক্ষার পর তাঁরা সিলেট চলে যাবেন। তাঁদের নেওয়ার জন্য গত রোববার রাতেই তাঁর স্বামীর সিলেট থেকে বাড়ির উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল।