'বাবা সঠিক সিদ্ধান্ত নিয়েছিলেন বলেই আজ আমি সচিব'

বাল্যবিবাহ বিষয়ে নিজের অভিজ্ঞতা বর্ণনা করে মহিলা ও শিশুবিষয়ক সচিব নাছিমা বেগম বলেছেন, ‘যখন নাইন-টেনে পড়ি, তখন মা রান্নাবান্না শিখিয়ে উপযুক্ত পাত্রী বানানোর চেষ্টা করেছেন। তবে বাবা সব সময় বলতেন, পড়াশোনা শেষ না হলে বিয়ে দেবেন না। অনার্স সেকেন্ড ইয়ারে যখন পড়ি, তখন বিদেশি ইঞ্জিনিয়ার পাত্র পাওয়া গেল। বিয়ে না দেওয়ার কারণে বাবাকে সবাই বোকা মনে করেছিল। বাবা সঠিক সিদ্ধান্ত নিয়েছিলেন বলেই আজ আমি সচিব।’
আজ শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভর্ন্যান্স ইনোভেশন ইউনিট (জিআইইউ) আয়োজিত বাল্যবিবাহ–সংক্রান্ত এক কর্মশালার উন্মুক্ত পর্বে সচিব এ কথা বলেন। জিআইইউ উদ্ভাবনী উপায়ে বাল্যবিবাহ নিরোধে কার্যক্রম পরিচালনা করছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই কর্মশালার আয়োজন করা হয়।
সচিব বলেন, বাল্যবিবাহ নিরোধ আইনের খসড়া প্রায় চূড়ান্ত। আগামী সপ্তাহে খসড়াটি মন্ত্রিসভায় উত্থাপন হতে পারে। বিভিন্ন প্রক্রিয়া শেষে শিগগিরই আইনটি আলোর মুখ দেখবে। তিনি বলেন, দেশের সব ইউনিয়নে সরকার কিশোর-কিশোরী ক্লাব গঠন করছে। এ ক্লাবের বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে যে মেয়ের বিয়ে, ওই মেয়ে নিজেই প্রতিবাদ করবে যে সে এখন বিয়ে করবে না।
‘বাল্যবিবাহ নিরোধে প্রস্তুতকৃত উপাত্ত ভান্ডারের আলোকে সংশ্লিষ্টদের করণীয়’ শীর্ষক কর্মশালায় জিআইইউর মহাপরিচালক আবদুল হালিম বলেন, সরকারিভাবে নিয়োগ পাওয়া বিবাহ নিবন্ধক ছাড়া ইমাম, মোয়াজিন, মাদ্রাসার শিক্ষক ও উচ্চপর্যায়ের ছাত্র, ঠাকুর, পুরোহিত, স্কুল-কলেজের ধর্মীয় শিক্ষক, পাড়ার মুরব্বি, ফাদারসহ অন্যরা বিয়ে পড়ালে তা নিবন্ধনের আওতায় আসে না। জবাবদিহিও কম। ভ্রাম্যমাণ আদালত সব সময় তাঁদের নাগাল পান না। নাগালের বাইরে থাকা এ ধরনের ৬৫ হাজার ৯৫৭ জন শৌখিন বিয়ে পড়ানো ব্যক্তির তথ্যভান্ডার তৈরি করা হয়েছে। তাঁদের ৪৫ শতাংশকে প্রশিক্ষণ দেওয়া হয়ে গেছে। তাঁদের সচেতন করে নজরদারির আওতায় এনে নিবন্ধনের হার শতভাগ করে বাল্যবিবাহ নিরোধে কাজ করছে জিআইইউ।
জিআইইউর পরিচালক ইসমাত মাহমুদা বলেন, অপ্রাপ্তবয়স্ক ছেলেমেয়েকে কেউ যদি বিয়ে না পড়ান, তাহলে আর বাল্যবিবাহর ঘটনা ঘটার সুযোগ নেই। শৌখিন বিয়ে পড়ানো ব্যক্তিদের মনে রাখতে হবে, বিয়ে পড়ানোর এক মাসের মধ্যে বিয়েটি নিবন্ধন না করালে আইনে শাস্তির বিধান আছে।
কর্মশালায় আলোচকদের আলোচনা ও উন্মুক্ত পর্বে অংশগ্রহণকারীদের আলোচনা থেকে উঠে আসে, ভুয়া জন্মনিবন্ধন সনদ বাল্যবিবাহ প্রতিরোধে এখন পর্যন্ত বড় প্রতিবন্ধকতা হিসেবে কাজ করছে।
মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়, ধর্ম মন্ত্রণালয়, মন্ত্রিপরিষদ বিভাগ, স্থানীয় সরকারের উপপরিচালক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা রেজিস্ট্রার, জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক, এনজিও, গণমাধ্যম প্রতিনিধিসহ ৬৮ জন প্রতিনিধি দিনব্যাপী এই কর্মশালায় অংশ নেন। দেশের ১৬টি জেলা থেকে আসেন প্রতিনিধিরা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৪ সালে যুক্তরাজ্যে অনুষ্ঠিত গার্ল সামিটে ২০২১ সালের মধ্যে ১৫ বছরের কম বয়সী ছেলেমেয়েদের বিয়ের হার শূন্যের কোঠায় নামিয়ে আনা, এ সময়ের মধ্যে ১৫ থেকে ১৮ বছর বয়সী বাল্যবিবাহের হার এক-তৃতীয়াংশে নামিয়ে আনা এবং ২০৪১ সালের মধ্যে বাল্যবিবাহমুক্ত বাংলাদেশ গড়ার অঙ্গীকার করেন। আজকের কর্মশালায় দলগত আলোচনায় ২০২১ সালের মধ্যে লক্ষ্যমাত্রা অর্জনে প্রতিনিধিরা কর্মপরিকল্পনার খসড়া তৈরি করেন। কর্মশালার সুপারিশের সারসংক্ষেপ উপস্থাপন করেন জিআইইউর উপপরিচালক (ইনোভেশন) হাসিনা বেগম।
কর্মশালায় ইউনিসেফের তথ্য উল্লেখ করে জানানো হয়েছে, ২০১৫ সালে ১৮ বছরের কম বয়সী ছেলেমেয়েদের বিয়ের হার ৫২ শতাংশ। দ্য ইন্টারন্যাশনাল সেন্টার ফর রিসার্চ অন উইমেনের পরিসংখ্যান অনুযায়ী, বর্তমানে ১৮ বছরের কম বয়সী ছেলেমেয়েদের বাল্যবিবাহের হারের দিক থেকে বিশ্বে বাংলাদেশের অবস্থান তৃতীয়।