'বাবা সম্পর্কে অনেকেই ভুল তথ্য দেন'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় স্মৃতিসৌধের স্থপতি সৈয়দ মাইনুল হোসেনের মেয়ে সৈয়দা তানজিনা হোসেন বলেছেন, ‘আমার বাবা সম্পর্কে অনেকে ভুল তথ্য দিয়ে থাকে। বাবার নাম মাইনুল হোসেন, অনেকে ভুল বলে “মইনুল” হোসেন। ২০০৫ সাল পর্যন্ত স্মৃতিসৌধের স্মৃতিফলকে নাম ভুল ছিল। আমার বাবার জন্ম ১৭ মার্চ, ৫ মে না। আমার বাবার জন্ম ঢাকায়, মুন্সিগঞ্জে না।’
স্থপতি সৈয়দ মাইনুল হোসেনের মৃত্যুতে গতকাল সোমবার এক শোকসভায় তাঁর মেয়ে এসব কথা বলেন। বাংলা একাডেমি আয়োজিত শোকসভাটি একাডেমির কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়।
তানজিনা হোসেন বলেন, ‘সবাইকে শ্রদ্ধাভরে একটা অনুরোধ করব। আমার বাবাকে মনে রাখবেন, বাবার নামকে মনে রাখবেন। আমার বাবাকে নিয়ে যে তথ্যগুলো আছে, সেগুলো আমাদের কাছ থেকে ভেরিফাই (যাচাই) করে নেবেন।’
সভায় সভাপতিত্ব করেন বাংলা একাডেমির সভাপতি ও ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান। তিনি বলেন, মাত্র ২৬ বছর বয়সে স্মৃতিসৌধের নকশা তৈরি করে মাইনুল হোসেন অসাধারণ প্রতিভার পরিচয় দিয়েছিলেন। অল্প বয়সে আমরা তাঁকে হারালাম। তিনি যা করেছেন, তাঁর কাছে জাতি চিরকৃতজ্ঞ থাকবে।
শোকসভায় জাতীয় স্মৃতিসৌধের স্থাপত্যশৈলী বর্ণনা করে বক্তব্য দেন স্থপতি মোবাশ্বের হোসেন।
মাইনুল হোসেনের পরিবারের পক্ষ থেকে আরও কথা বলেন তাঁর খালাতো বোন ফাহমিদা মঞ্জু মজিদ এবং মামা শিল্পী মুস্তাফা মনোয়ার। বাংলা একাডেমির ফেলো এ শিল্পী বলেন, ‘আমরা তাকে তারেক ডাকতাম। ছোটবেলায় খুব একটা দুষ্টু ছিল না, তবে মজার মজার খেলা করতে পছন্দ করত। তারেক ছোটবেলা থেকেই ছবি আঁকত।’ তিনি বলেন, ‘আমাদের মনের মধ্যে তো থাকবেই, শত বছর পরও যাঁরা আসবেন, তাঁদের মনের মধ্যেও মাইনুল হোসেন থাকবে।’
বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক শামসুজ্জামান খান মুস্তাফা মনোয়ার ও মাইনুল হোসেনের মেয়ের কাছে অনুরোধ করেন, মাইনুল হোসেন সম্পর্কে দুটি লেখা দেওয়ার জন্য। তিনি বাংলা একাডেমির মাসিক উত্তরাধিকার-এ লেখাগুলো ছাপানো হবে বলে জানান।