'বাবাকে নিয়ে যাওয়ার সময় মুঈনুদ্দীন ও আশরাফকে চিনেছিলাম'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পলাতক চৌধুরী মুঈনুদ্দীন ও আশরাফুজ্জামান খানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ সোমবার জবানবন্দি দেওয়া শুরু করেছেন রাষ্ট্রপক্ষের দশম সাক্ষী যুক্তরাষ্ট্রপ্রবাসী নূসরাত রাব্বী (৫০)। তিনি শহীদ চিকিত্সক ফজলে রাব্বীর বড় মেয়ে।

জবানবন্দিতে নূসরাত রাব্বী বলেছেন, তাঁর বাবাকে ধরে নিয়ে যাওয়ার সময় তিনি মুঈনুদ্দীন ও আশরাফুজ্জামানকে চিনেছিলেন। পরবর্তী সময়ে পত্রপত্রিকায় ছবি দেখে এ সম্পর্কে আরও নিশ্চিত হন।
বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ নূসরাতের জবানবন্দি নেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সাহিদুর রহমান।
জবানবন্দিতে নূসরাত রাব্বী বলেন, তিনি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়, স্টানফোর্ড বিশ্ববিদ্যালয় এবং বার্কলি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন। তিনি ৪ আগস্ট এ মামলায় সাক্ষ্য দেওয়ার জন্য এসেছেন এবং ৮ আগস্ট তাঁর কর্মস্থলে ফিরে যাবেন।
একাত্তরে নূসরাত রাব্বী সপরিবারে ঢাকার সিদ্ধেশ্বরীতে জলপাইগুড়ি হাউসে থাকতেন। ১৫ ডিসেম্বর বেলা তিনটার দিকে তাঁর বাবাকে আলবদর বাহিনীর সদস্যরা অপহরণ করে বাসা থেকে নিয়ে গিয়ে নির্মমভাবে হত্যা করে। ১৮ ডিসেম্বর এক সাংবাদিক তাঁদের বাসায় ফোন করে রায়েরবাজারের বধ্যভূমিতে তাঁর বাবার লাশ পাওয়ার কথা জানান।
জবানবন্দিতে নূসরাত বলেন, একাত্তরের ১৩ ডিসেম্বর সোমবার ওই আলবদর সদস্যরা তাঁদের বাসায় এসে খোঁজখবর নেয়। সেদিন তিনি ও তাঁর মা ওই আগন্তুকদের দেখেছিলেন। তাঁদের দু-তিনজনের মুখে দাঁড়ি ছিল। সে সময় তাঁরা ওই আগন্তুকদের চিনতে পারেননি।
১৫ ডিসেম্বর বিকেলে বাসা ঘেরাও করে আলবদররা বাসার সামনে আসে। এ সময় বাসার সামনে একটি কাদামাখা মাইক্রোবাস আসে। তাতে করে তাঁর বাবাকে ধরে নিয়ে যাওয়া হয়।
নূসরাত আরও বলেন, ‘পরবর্তী সময়ে পত্রপত্রিকার মাধ্যমে চৌধুরী মুঈনুদ্দীন ও আশরাফুজ্জামানের ছবি দেখে বুঝেছি, তারাই ১৩ ডিসেম্বর আমাদের বাসায় এসেছিল এবং ১৫ ডিসেম্বর আমার বাবাকে অপহরণ করে নিয়ে যায়।’
জবানবন্দির এ পর্যায়ে ট্রাইব্যুনাল-২-এর বিচারপতি ওবায়দুল হাসান জানান, কিছুক্ষণের মধ্যে ট্রাইব্যুনালের সদস্য বিচারক মো. শাহিনুর ইসলামকে প্রধান বিচারপতি শপথ পড়াবেন। এ জন্য জবানবন্দি অসমাপ্ত অবস্থায় এ মামলার কার্যক্রম বুধবার পর্যন্ত মুলতবি করেন ট্রাইব্যুনাল।