‘দুই বছর যাবৎ আমার বাবা নিখোঁজ। প্রথমবার ভোটার হয়ে মাকে ভোট দেব। আশা করি, মা জিতবেন। মায়ের জয়ের মাধ্যমে বাবাকে ফিরে পেতে চাই। আমি এখনো আশাবাদী, আমার বাবা ফিরে আসবে। আমাকে ডাকবে, শাহরিয়ার তুই কই?’
কুমিল্লার লাকসাম পৌরসভায় বিএনপির মেয়র পদপ্রার্থী শাহনাজ আক্তারের একমাত্র ছেলে শাহরিয়ার কবীর রাতুল গত বৃহস্পতিবার এ প্রতিবেদককে এসব কথা বলেন। শাহরিয়ার র্যা বের হাতে নিখোঁজ লাকসাম পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবীর পারভেজের ছেলে। শাহরিয়ারের মাকে এ পৌরসভায় মেয়র পদে বিএনপি থেকে মনোনয়ন দেওয়া হয়েছে।
শাহরিয়ার বলেন, ‘বাবা স্বচ্ছ রাজনীতি করতেন। মা আমাদের দেখভাল করতেন ও সংসার সাজিয়ে রাখতেন। র্যা ব বাবাকে গুম করে আমাদের পরিবারের স্বপ্ন ভেঙে দিল। এবারই আমি প্রথম ভোট দিতে যাব। বাবা থাকলে তাঁর সঙ্গেই যেতাম। নির্বাচন সুষ্ঠু হলে আমরা খুশি হব। প্রথমবার ভোটার হয়ে মাকে ভোট দেব, এ এক অন্যরকম অনুভূতি।’
২০১৩ সালের ২৭ নভেম্বর রাত সোয়া ৯টা থেকে ১১টার মধ্যে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার হরিশ্চর সড়কে র্যা বের মতো কালো রঙের পোশাক পরা একদল লোক লাকসাম ফেয়ার হাসপাতালের একটি অ্যাম্বুলেন্স আটক করে। ওই অ্যাম্বুলেন্স থেকে লাকসাম উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম হিরু, পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবির পারভেজ ও পৌর বিএনপির তৎকালীন সহসাংগঠনিক সম্পাদক (বর্তমানে আওয়ামী লীগ নেতা) জসিম উদ্দিনকে তুলে নিয়ে যায়। পরে জসিম উদ্দিনকে কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় অন্য একটি মাইক্রোবাসে তুলে দেওয়া হয়। এরপর থেকে হুমায়ুন কবীর ও আরেক বিএনপি নেতা নিখোঁজ রয়েছেন।
হুমায়ুন কবীরের একমাত্র ছেলে শাহরিয়ার কবীর ঢাকার বেসরকারি একটি বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ শেষ করেছেন। বড় বোন রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ও ছোট বোন একটি বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী।