‘বাবার আত্মার শান্তি দিতে চাই’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বারো দিন আগেও মানুষটা এ সংসারের অবলম্বন ছিলেন। তিন সন্তানকে নিয়ে কত স্বপ্ন ছিল তাঁর! এখন তিনি শুধুই সঞ্চৃতি। কাউকে না বলে চলে গেলেন না-ফেরার দেশে। সন্তানেরা সারা দিন বাবা বাবা করে কেঁদে ফিরছে। কবরের পাশে গিয়ে হাউমাউ করে কেঁদে বাবাকে ডাকছে তারা।’মঙ্গলবার (১২ মার্চ) কাঁদতে কাঁদতে কথাগুলো বলছিলেন গাইবান্ধার বামনডাঙ্গায় জামায়াত-শিবিরের সহিংসতায় নিহত পুলিশ কনস্টেবল বাবলু মিয়ার স্ত্রী জোসনা বেগম। তিনি আরও বলেন, ‘এই কয় দিনেই সবাই ভুলতে বসেছেন তাঁকে। কেউ আমাদের খোঁজখবর নেন না।’ গত ২৮ ফেব্রুয়ারি গাইবান্ধার বামনডাঙ্গা পুলিশ ফাঁড়িতে জামায়াত-শিবিরের হামলার সময় সহকর্মীদের সঙ্গে পিটিয়ে হত্যা করা হয় বাবলু মিয়াকে। বাবলুর গ্রামের বাড়ি বগুড়ার সোনাতলা উপজেলার জোড়গাছা ইউনিয়নের ঠাকুরপাড়া গ্রামে।মঙ্গলবার ঠাকুরপাড়ায় গিয়ে দেখা গেছে, বাবলুর স্ত্রী-সন্তানদের চোখেমুখে হতাশার ছাপ। জোসনা জানান, বসতভিটাটুকুই তাঁর স্বামীর সম্বল ছিল। চাকরির বেতনের টাকায় তাঁদের সংসার ও তিন ছেলেমেয়ের পড়ালেখার খরচ চলত। ১৯৮৭ সালে পুলিশ কনস্টেবল পদে যোগ দেন বাবলু। জামায়াত নেতা দেলাওয়ার হোসেন সাঈদীর রায় ঘোষণার পর জামায়াত-শিবিরের নেতাকর্মীরা বামনডাঙ্গা পুলিশ ফাঁড়িতে হামলা চালিয়ে বাবলুসহ চারজনকে হত্যা করেন। জোসনা বলেন, সন্তানদের নিয়ে অনেক বড় স্বপ্ন ছিল বাবলুর। এ জন্য বড় ছেলে জাহিদ হাসানকে ভর্তি করেছিলেন সুন্দরগঞ্জ ডিডব্লিউ ডিগ্রি কলেজে। সেখান থেকে এ বছর উচ্চমাধ্যমিক পরীক্ষা দেওয়ার কথা রয়েছে ওর। মেয়ে বাবলী আখতার পড়ে বামনডাঙ্গা বালিকা উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণীতে। আর ছোট ছেলে নাহিদ হাসান পড়ে বামনডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। বাবলু নিহত হওয়ার পর তিন সন্তানের পড়ালেখার ভবিষ্যৎই অনিশ্চিত। জোসনা আরও বলেন, ‘বাবলু হত্যার ১২ দিন পার হয়েছে। সরকারের পক্ষ থেকে কেউ আমাদের খোঁজখবর নিতে আসেননি। তবে বাবলুর জানাজার দিন বগুড়ার এসপি স্যার এসে কিছু নগদ টাকা হাতে দিয়ে গেছেন। এখন দু চোখে অন্ধকার দেখছি। সন্তানদের লেখাপড়ার কী হবে, সংসারের খরচ কীভাবে চলবে এসব দুঃশ্চিন্তায় ঘুম আসছে না।’বাবলুর ছেলে জাহিদ হাসান বলে, ‘বাবার খুব স্বপ্ন ছিল লেখাপড়া শিখিয়ে আমাদের দেশ সেবার কাজে লাগাবেন। বাবার স্বপ্ন পূরণের জন্য আমিও পুলিশে যোগ দিতে চাই। দেশের সেবার মধ্য দিয়ে বাবার আত্মার শান্তি দিতে চাই।’ বগুড়ার পুলিশ সুপার মোজামেঞ্চল হক বলেন, ‘বাবলু মিয়ার পরিবারকে আইজিপির পক্ষ থেকে এক লাখ টাকা সাহায্য দেওয়া হয়েছে। আমি তাঁর বড় ছেলেকে পুলিশে চাকরি দেওয়ার জন্য সুপারিশ করার প্রতিশ্রুতিও দিয়েছি।’