'বাবার খুনিরাই আমাকে অপহরণ করে'
গাজীপুর সিটি করপোরেশনের সংরক্ষিত আসনের কাউন্সিলর পারভীন আক্তার অভিযোগ করেছেন, তাঁর বাবার খুনিরাই তাঁকে অপহরণ করেছে। তাদের মধ্যে তিনজনকে তিনি চিনতে পেরেছেন। এখন এ ঘটনার পর থেকে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন।
গতকাল রোববার দুপুরে গাজীপুর পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন কাউন্সিলর পারভীন আক্তার। সেখানে তিনি তাঁকে অপহরণের ঘটনার বিস্তারিত বর্ণনা দেন।
গত শনিবার রাতে হবিগঞ্জের নবীগঞ্জ থানার আউসকান্দি এলাকা থেকে পারভীন আক্তারকে উদ্ধার করা হয়। ওই রাতেই তাঁকে গাজীপুরে পাঠানো হয়। সকালে গাজীপুর সদর হাসপাতালে চিকিৎসার পর তাঁকে সংবাদ সম্মেলনে হাজির করা হয়।
সংবাদ সম্মেলনে পারভীন আক্তার জানান, ২০১১ সালের ২৩ জুন তাঁর বাবা মুক্তিযোদ্ধা মো. চান মিয়া খুন হন। জমিজমা নিয়ে বিরোধের জের ধরে ওই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় তিনি বাদী হয়ে একটি মামলা করেন। ওই মামলা প্রত্যাহারের জন্য আসামিরা দীর্ঘদিন ধরে তাঁকে হুমকি দিয়ে আসছিলেন।
গাজীপুর সিটি করপোরেশনের ১, ২ ও ৩ আসন নিয়ে গঠিত সংরক্ষিত আসনের এই কাউন্সিলর বলেন, গত শুক্রবার সকালে অপরিচিত এক নারী তাঁকে ফোন করে তাঁর দাম্পত্য কলহ মেটানোর অনুরোধ করেন। তিনি তাঁকে গাজীপুর সদর উপজেলার জিরানী বাজার এলাকায় যেতে বলেন। সেখানে গেলে ওই নারী কৌশলে তাঁকে একটি গাড়িতে তোলেন। ওই গাড়িতে উঠে তিনি দেখতে পান, ভেতরে পাঁচ-ছয়জন পুরুষ রয়েছেন। তাঁরা গাড়িতে মাথা নিচু করে ছিলেন। সঙ্গে সঙ্গে তিনি চিৎকার শুরু করলে ওই লোকগুলোও তাৎক্ষণিক তাঁর মুখ চেপে ধরেন। এরপর আর কিছুই তাঁর মনে নেই। শনিবার রাতে তিনি নিজেকে হাত-পা বাঁধা অবস্থায় নবীগঞ্জের আউসকান্দি এলাকায় দেখতে পান। পরে পুলিশ তাঁকে উদ্ধার করে।
পারভীন আক্তারের অভিযোগ, গাড়িতে থাকা লোকজনের মধ্যে তিনি তিনজনকে চিনতে পেরেছেন। তাঁরা হলেন তাঁর বাবা হত্যা মামলার অন্যতম আসামি দুলাল হাজি, সোহেল ও জুয়েল।
কান্নাজড়িত কণ্ঠে পারভীন আক্তার বলেন, ‘আজকের পর আমি কত দিন বেঁচে থাকব, তার কোনো নিশ্চয়তা নেই। যেকোনো সময় আমাকে ওরা হত্যা করতে পারে।’
সংবাদ সম্মেলনে গাজীপুরের পুলিশ সুপার আবদুল বাতেন জানান, এ ঘটনায় পারভীন আক্তারের স্বামী মিনহাজ উদ্দিন জয়দেবপুর থানায় একটি মামলা করেছেন। পুলিশ পারভীন আক্তারের জীবনের নিরাপত্তা দিতে প্রস্তুত রয়েছে। পাশাপাশি তাঁকে অপহরণের ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে বিভিন্ন স্থানে অভিযান শুরু করা হয়েছে।