‘বাবা যখন শহীদ হন, আমার বয়স তখন চার বছর। যে জামাটি পরা অবস্থায় তিনি পাকিস্তানি সেনাদের হাতে নিহত হয়েছিলেন, সেই রক্তাক্ত, ছিন্নভিন্ন জামাটি মুক্তিযুদ্ধ জাদুঘরে সংরক্ষিত আছে। এখনো মাঝেমধ্যে জাদুঘরে এসে জামাটির সামনে দাঁড়াই। কখনো চোখের পানি ফেলি। কখনো চেতনার সেই শক্তিকে ফিরে পাই।’
গতকাল সোমবার শহীদ বুদ্ধিজীবী দিবসে রাজধানীর মুক্তিযুদ্ধ জাদুঘরে আয়োজিত বিজয় উৎসবের পঞ্চম দিনে কথাগুলো বলছিলেন মুক্তিযুদ্ধে শহীদ আবদুল ওহাব তালুকদারের ছেলে মিজানুর রহমান তালুকদার। মহান বিজয় দিবস উপলক্ষে সপ্তাহব্যাপী উৎসবে এ দিনের আয়োজনের মধ্যে ছিল শহীদ পরিবারের প্রতিনিধিদের অনুভূতি শোনা, আবৃত্তি, দলীয় সংগীত ও ছায়ানটের শিল্পীদের পরিবেশনা।
শহীদ আবদুল ওহাব তালুকদার ছিলেন কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যাপক ও ৬ নম্বর সেক্টরের বামনহাট যুবশিবিরের ক্যাম্প ইনচার্জ। একাত্তরের ৭ আগস্ট সীমান্তবর্তী একটি জায়গায় পাকিস্তানি সেনারা তাঁকে প্রথমে গুলি করে আহত করে। পরে বেয়নেট দিয়ে খুঁচিয়ে তাঁর মৃত্যু নিশ্চিত করা হয়।
মিজানুর রহমান বলেন, ‘আমার বাবাসহ এ দেশের জন্য যাঁরা চূড়ান্ত ত্যাগ স্বীকার করেছিলেন, রাষ্ট্রীয় ক্ষমতা দখল তাঁদের উদ্দেশ্য ছিল না। তাঁদের আকাঙ্ক্ষা ছিল বাংলাদেশের মানুষের সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক মুক্তি। মুক্তিযুদ্ধের সেই চেতনা লালন করতে না পারলে বাংলাদেশের পক্ষে সামনে এগোনো সম্ভব হবে না।’
মানবতাবিরোধী অপরাধের বিচার-প্রক্রিয়ার মধ্য দিয়ে একাত্তরে শহীদ পরিবারগুলোর মধ্যে কিছুটা হলেও স্বস্তি ফিরে এসেছে মন্তব্য করে মিজানুর রহমান বলেন, ‘তবে দেশকে রাজাকারমুক্ত করতে না পারলে পুরোপুরি শঙ্কামুক্ত হওয়া সম্ভব নয়।’
দেশকে রাজাকারমুক্ত করার দাবি জানিয়ে আরেক শহীদ আজিজুর রহমানের মেয়ে রিজিয়া রহমান কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘এ দেশের মাটিতে যুদ্ধাপরাধীদের বিচার হবে, সে আশা ছেড়ে দিয়েছিলাম। যেদিন সব যুদ্ধাপরাধীর ফাঁসি হবে, দেশ পুরোপুরি রাজাকারমুক্ত হবে, সেদিন বুঝব আমার বাবার আত্মদান সফল।’
রিজিয়া রহমানের বাবা আজিজুর রহমান ছিলেন ঘোড়াশাল ন্যাশনাল জুট মিলের প্রশাসনিক কর্মকর্তা। মুক্তিযোদ্ধাদের সহযোগিতা করায় বিজয়ের ১৫ দিন আগে রাজাকাররা পরিবারের সামনে তাঁকে হত্যা করে।
স্বাগত বক্তব্যে মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি ও সদস্যসচিব জিয়াউদ্দিন তারিক আলী বলেন, বুদ্ধিজীবীদের হত্যা করে পাকিস্তানিরা চেয়েছিল বাঙালিদের একটি অথর্ব জাতিতে পরিণত করতে। তিনি বলেন, মুক্তিযুদ্ধ জাদুঘরে রাও ফরমান আলীর ডায়েরির একটি পাতা সংরক্ষিত আছে। সেখানে কোন কোন বুদ্ধিজীবীকে হত্যা করতে হবে, তার একটা তালিকা আছে। কারা কারা এ দায়িত্ব পালন করবে, কীভাবে করবে, সেটারও নির্দেশনা আছে ওই ডায়েরির পাতায়। এখন এই পাতাটা পাকিস্তানকে দেখানো উচিত।