'বাবার পুরো শরীর থেকে রক্ত ঝরছিল'

‘বোমা বিস্ফোরণের সময় আমি বাবার পাশেই ছিলাম। বিস্ফোরণে বাবার পুরো শরীর থেকে রক্ত ঝরতে থাকে। আমার দুই পায়ে স্প্লিন্টার আঘাত করে। সে সময়ই বাবাকে জড়িয়ে ধরলাম, বাবা তখন প্রায় পড়ে যাচ্ছিলেন। আমিও আহত হওয়ায় ধরে রাখতে পারছিলাম না তাঁকে। পরে আওয়ামী লীগের নেতা-কর্মীদের সহায়তায় বাবা ও আমি বারডেম জেনারেল হাসপাতালে ভর্তি হই।’
রোববার দুপুরে নগর ভবনে অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের প্রথম নির্বাচিত মেয়র মোহাম্মদ হানিফের ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে বাবার স্মৃতিচারণা করে এসব কথা বলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। এর আগে বেলা ১১টায় আজিমপুর কবরস্থানে মেয়র মোহাম্মদ হানিফের কবরে পুষ্পমাল্য অর্পণ করেন মেয়র সাঈদ খোকনসহ আওয়ামী লীগের নেতা-কর্মীরা।
সাঈদ খোকন বলেন, বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে ২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই বোমা হামলার শিকার হয়েছিলেন তাঁরা। এর দুই বছর পর ২০০৬ সালের ৮ ফেব্রুয়ারি মুক্তাঙ্গনে এক সমাবেশে বক্তৃতাকালে মোহাম্মদ হানিফ হৃদ্রোগে আক্রান্ত হন। বোমা হামলার ক্ষতের কারণে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। ওই বছরের ২৮ নভেম্বর ৬২ বছর বয়সে তিনি মারা যান।
২১ আগস্টের হামলার কথা স্মরণ করে সাঈদ খোকন বলেন, ‘সেই দিনের স্মৃতি আজও নাড়া দেয়। নেত্রীর প্রতি আনুগত্য ও ভালোবাসা সেদিন আওয়ামী লীগের নেতা-কর্মীরা দেখিয়েছিলেন। আমার বাবার আনুগত্য ও ভালোবাসা আওয়ামী লীগের সাংগঠনিক রাজনীতিতে বিরল। আজ বাবার জন্মবার্ষিকীতে তাঁর রেখে যাওয়া দৃষ্টান্ত হোক আমাদের সবার অনুকরণীয়। এই দিনে আমরা শপথ নিতে পারি, আমাদের প্রাণপ্রিয় নেত্রী শেখ হাসিনাকে রক্ষা করার জন্য সর্বোচ্চ ত্যাগ করতে হলেও আমরা করব।’
বিএনপি-জামায়াতের শাসনামলের উল্লেখ করে মেয়র আরও বলেন, ‘সে সময় আওয়ামী লীগের কর্মীরা, আমরা দ্বিতীয় শ্রেণির নাগরিক ছিলাম। আমরা বাসায় থাকতে পারতাম না। মাসের পর মাস, বছরের পর বছর আমরা বাসায় থাকতে পারিনি। আমরা হুলিয়া নিয়ে ঘুরে বেড়িয়েছি। সেই দুঃসময়ের স্মৃতি আমাদের আজও নাড়া দেয়। সেই দুঃসময়ে মেয়র মোহাম্মদ হানিফ এই শহরের মানুষকে সংগঠিত করেছিলেন।’
নগর ভবনে আয়োজিত এই মিলাদ ও দোয়া মাহফিলে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিলালসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও কাউন্সিলরেরা উপস্থিত ছিলেন।