'বাবার লাশের পাশে ছেলের দণ্ড অমানবিক'
সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক লাঞ্ছনার অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মকবুল মিয়াকে (২৮) তিন মাসের কারাদণ্ড দেওয়ার ঘটনাকে অমানবিক বলে অভিহিত করেছেন তাঁর এলাকার বাসিন্দারা। তাঁরা অবিলম্বে মকবুলের মুক্তি দাবি করেছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে ওসমানীনগর উপজেলার দয়ামীরে ‘ওসমানীনগরবাসী’ ব্যানারে এলাকাবাসী মানববন্ধন ও সমাবেশ করে এ দাবি জানান।
গত শনিবার হাসপাতালের হৃদ্রোগ বিভাগে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন ওসমানীনগরের শেরপুর গ্রামের বাসিন্দা আতিকুর রহমান (৫৫)। চিকিৎসকের অবহেলায় মৃত্যু হয়েছে অভিযোগ তুলে আতিকুরের ছেলে মকবুল কর্তব্যরত চিকিৎসকের ওপর চড়াও হন। চিকিৎসকেরা তখন মকবুলকে আটক করে হাসপাতাল ফাঁড়ি পুলিশে সোপর্দ করেন। লাঞ্ছনার অভিযোগ তুলে চিকিৎসকেরা ঘটনার বিচার দাবিতে ধর্মঘট আহ্বান করেন। এ অবস্থায় ভ্রাম্যমাণ আদালত মকবুলকে তিন মাসের কারাদণ্ড দিলে চিকিৎসকেরা ধর্মঘট প্রত্যাহার করেন।
গতকাল মকবুলের গ্রামের বাড়ির লোকজনসহ ওসমানীনগরবাসীর ব্যানারে মানববন্ধনে এলাকাবাসীসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক দলের সদস্যরা একাত্ম হন। মানববন্ধন চলাকালে বক্তারা মানবিক দিক তুলে ধরে বলেন, বাবার লাশের পাশে ছেলের দণ্ড দেওয়া অমানবিক। তাই দণ্ডিত তরুণের মুক্তি দিয়ে এর পেছনের ঘটনা তদন্ত করা উচিত।
বক্তারা হাসপাতালে চিকিৎসকদের বিরুদ্ধে অবহেলার যে অভিযোগ উঠেছে, তারও তদন্ত দাবি করেন। মানববন্ধনে মকবুল হোসেন, আশিক আলী, কাজী নজরুল, আবদুর রব, জাহির আহমদ, শেখ ইয়াহইয়া, মোজাহিদ আলী প্রমুখ বক্তব্য দেন।