'বাবার স্মৃতি হিসেবে এখন থেকে জাতীয় পরিচয়পত্রটি থাকবে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শনিবার বেলা ১১টা। নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার রাজগঞ্জ ইউনিয়নের রাজগঞ্জ সিনিয়র মাদ্রাসা কেন্দ্র। শুরু হয় প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থীর মধ্যে সংঘর্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে দুই পক্ষকে ধাওয়া দেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় ওই কেন্দ্রে ভোট দিতে যাওয়া মুক্তিযোদ্ধা ছৈয়দ আহম্মদও (৬৫) ধাওয়ার মুখে পড়েন। দৌড়ে পালাতে গিয়ে দেয়ালের সঙ্গে ধাক্কা লেগে পড়ে যান তিনি। মাথায় গুরুতর জখম হয় তাঁর। দ্রুত উদ্ধার করে তাঁকে নিয়ে যাওয়া হয় নোয়াখালী জেনারেল হাসপাতালে। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
অনাকাঙ্ক্ষিত এই মৃত্যুতে শোকে স্তব্ধ হয়ে যান ছৈয়দ আহম্মদের ছেলেমেয়েরা। তাঁর ছেলে সুজায়েত উল্লা বলেন, ‘বাবার একটি হাত এমনিতেই অনেকটা অকেজো। কয়েক বছর আগে গাছ থেকে পড়ে একটি পা ভেঙে যায়। স্বাভাবিকভাবে হাঁটতে পারতেন না। এ কারণে বাড়ি থেকে খুব একটা বেরও হতেন না। বের হলেও বড়জোর বাড়ির পাশের রাজগঞ্জ বাজারে যেতেন। অসুস্থ শরীর নিয়ে বাবাকে আমরাও বাইরে বের হতে দিতাম না।’
সুজায়েত উল্লা বলেন, ‘ভোট দিতে যাওয়ার সময় বাবা পাঞ্জাবির পকেটে করে নিয়ে যান জাতীয় পরিচয়পত্রটি। তখন হুড়োহুড়ির মধ্যেও এটি তিনি হারাননি। পরে আমরা তাঁর পকেট থেকে এটি বের করি। এই পরিচয়পত্র এখন আমাদের কাছে স্মৃতি হিসেবে থাকবে।’