'বাবার হত্যা মামলা না তোলার জন্যই আমাকে অপহরণ করা হয়'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অপহরণের পরে উদ্ধার হওয়া গাজীপুর সিটি করপোরেশনের সংরক্ষিত আসনের নারী কাউন্সিলর পারভীন আক্তার বলেছেন, বাবার হত্যা মামলা তুলে না নেওয়ার জন্যই তাঁকে অপহরণ করা হয়েছিল।


পারভীন আক্তার বলেন, ‘আমি এখন নিরাপদ নই। আজকের পর থেকে আমি আর কত দিন বেঁচে থাকব তার নিশ্চয়তা নেই। যেকোনো মুহূর্তে ওরা আমাকে মেরে ফেলতে পারে। আমি নিরাপত্তাহীনতায় রয়েছি।’ নিজের নিরাপত্তাহীনতার কথা বলতে বলতেই একসময় হাউমাউ করে কেঁদে ওঠেন তিনি।


গত শুক্রবার নিখোঁজ হওয়ার পরে গতকাল শনিবার তাঁকে উদ্ধার করা হয়। আজ রোববার গাজীপুর পুলিশ সুপারের কার্যালয়ে এ নিয়ে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে গাজীপুর সিটি করপোরেশনের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ড নিয়ে সংরক্ষিত আসনের নারী কাউন্সিলর পারভীন আক্তার তাঁকে অপহরণ করার ঘটনার বর্ণনা দেন।


কাউন্সিলর পারভীন আক্তার বলেছেন, ২০১১ সালে তাঁর বাবাকে এলাকার কয়েকজন প্রভাবশালী ব্যক্তি হত্যা করে। তাদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই মামলা চলছে। ওই মামলা তুলে নেওয়ার জন্য কয়েকবার এলাকার সন্ত্রাসী হাজি দুলাল, জুয়েল ও সুমনসহ পাঁচ-ছয়জন লোক তাঁকে (পারভীন আক্তার) হুমকি দিয়েছে।


পারভীন আক্তার আরও বলেন, গত শুক্রবার একজন নারী তাঁকে জিরানি বাজার এলাকায় ডেকে নিয়ে যান। পরে সেখান থেকে কালো একটি মাইক্রোবাসে হাজি দুলাল, জুয়েল, সুমনসহ পাঁচ-ছয়জন তাঁকে তুলে নেয়। হাজি দুলাল পারভীন আক্তারকে বলেন, ‘তোরে অনেকবার বলেছি। মামলাটি তুইল্যা নিতে। তুই তুইল্যা নেস নাই। এখন তরে কে বাঁচাইব? তরে এখন মাইরা ফেলামু। কাউন্সিলর হওয়ার পরেও তরে কইসি। তুই শোনোসনি। আমরা পিছে লাইগ্যা রইছস।’

পরে হাজি দুলাল কাউন্সিলর পারভীন আক্তারের মুখে রুমাল চেপে ধরেন। তিনি অচেতন হয়ে যান। এরপর গতকাল শনিবার দুপুরে পারভীন আক্তারের জ্ঞান ফেরে।


কাউন্সিলর পারভীন আক্তার বলেন, জ্ঞান ফেরার পরেও তিনি দেখেন যে তিনি মাইক্রোবাসে রয়েছেন। তবে মাইক্রোবাসটি কোনদিকে যাচ্ছিল তা তিনি বুঝতে পারেননি। সন্ধ্যার দিকে পথের মধ্যে বেশ কয়েকজন পুলিশ দেখে অপহরণকারীরা গাড়ি ঘুরিয়ে তাঁকে অন্য আরেকটি রাস্তায় নিয়ে যায়। রাত আটটার দিকে তাঁকে হাত-পা বাঁধা অবস্থায় রাস্তার পাশে ফেলে দেওয়া হয়।


পারভীন আক্তার বলেন, সেখানে একজন সিএনজিচালিত অটোরিকশার চালক তাঁকে হবিগঞ্জের আউশকান্দি গ্রামের বাজারে রেখে যান। সেখান থেকে পরে হবিগঞ্জের নবীগঞ্জ থানার পুলিশ তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।


সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আব্দুল বাতেন বলেন, প্রথমে পারভীন আক্তারকে উদ্ধার করার বিষয়টি ছিল গুরুত্বপূর্ণ। যেহেতু তাঁকে উদ্ধার করা সম্ভব হয়েছে, এখন মূল কাজ হলো অপহরণকারীদের গ্রেপ্তার করা। এর মধ্যে অভিযান শুরু হয়েছে।

পুলিশ সুপার আব্দুল বাতেন আরও বলেন, তাঁরা পারভীন আক্তারের নিরাপত্তা জোরদার করবেন।


সংবাদ সম্মেলনে গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার গোলাম আজাদ খান, জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান, গোয়েন্দা পুলিশের কর্মকর্তা আমির হোসেন উপস্থিত ছিলেন।


এ ঘটনায় পারভীন আক্তারের স্বামী মিনহাজউদ্দিন হাজি দুলাল, জুয়েল ও সুমনসহ পাঁচ থেকে ছয়জনকে আসামি করে মামলা দায়ের করেছেন।

আরও জানতে পড়ুন