'বাবার হত্যাকাণ্ডে সরাসরি জড়িত মুঈন-আশরাফ'
পলাতক চৌধুরী মুঈনুদ্দীন ও আশরাফুজ্জামান খানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ বৃহস্পতিবার সাক্ষ্য দিয়েছেন রাষ্ট্রপক্ষের ২৩তম সাক্ষী শাফকাত নিজাম (৪৬)। তিনি শহীদ সাংবাদিক নিজাম উদ্দিন আহমেদের ছেলে।
জবানবন্দিতে শাফকাত নিজাম বলেন, তাঁর বাবার হত্যাকাণ্ডে মুঈনুদ্দীন ও আশরাফুজ্জামান খান সরাসরি জড়িত ছিলেন।
বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ শাফকাতের জবানবন্দি নেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সাহিদুর রহমান। শাফকাতের জবানবন্দির পর এ মামলায় আশরাফুজ্জামানের বিরুদ্ধে জবানবন্দি দিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা শাহজাহান কবীর।
জবানবন্দিতে শাফকাত নিজাম আরও বলেন, একাত্তরে তাঁর বাবা বিবিসির বাংলাদেশ সংবাদদাতা এবং পাকিস্তান প্রেস ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। এ সময় তিনি বাংলাদেশে পাকিস্তানি সেনাদের বর্বরতার খবর বিশ্ববাসীর সামনে তুলে ধরেছিলেন। একাত্তরের ১২ ডিসেম্বর রোকনপুরের (কলতাবাজার) বাসায় তাঁরা সবাই মিলে দুপুরের খাবার খাচ্ছিলেন। এ সময় দুজন অস্ত্রধারী তাঁদের বাসায় এসে তাঁর বাবার নাম ধরে খুঁজতে থাকে। বাসার সবার নিরাপত্তার কথা চিন্তা করে তাঁর বাবা নিজের পরিচয় দিলে অস্ত্রধারীরা তাঁকে নিয়ে যায়। পরে তাঁরা প্রতিবেশীদের কাছে শোনেন, তাঁর বাবাকে চোখ ও হাত বেঁধে কাদামাখা একটি মাইক্রোবাসে তুলে নেওয়া হয়েছে। ওই মাইক্রোবাসে আরও কয়েকজন হাত ও চোখ বাঁধা অবস্থায় বসা ছিলেন।
পরবর্তী সময়ে তিনি পত্রপত্রিকা ও পরিবারের আত্মীয়স্বজনের কাছে শোনেন, তাঁর বাবাসহ অন্য বুদ্ধিজীবীদের অপহরণ ও হত্যায় মুঈনুদ্দীন ও আশরাফুজ্জামান সরাসরি জড়িত ছিলেন।
শাফকাতের জবানবন্দি শেষে তাঁকে জেরা করেন আসামিপক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আবদুস শুকুর খান ও সালমা হাই। আইনজীবী মত (সাজেশন) দেন, আপনার বাবার অপহরণ ও হত্যায় মুঈনুদ্দীন ও আশরাফুজ্জামান জড়িত ছিলেন না। জবাবে সাক্ষী বলেন, ‘এটা সত্য নয়।’
তদন্ত কর্মকর্তার সাক্ষ্য গ্রহণ শুরু
শাফকাতের সাক্ষ্য গ্রহণ শেষে আশরাফুজ্জামান খানের বিরুদ্ধে জবানবন্দি দেন এ মামলার তদন্ত কর্মকর্তা শাহজাহান কবীর। তিনি ‘দৈনিক পূর্বদেশ’, ‘অবজারভার’, ‘ইত্তেফাক’, ‘দৈনিক বাংলা’, ‘আজাদ’সহ ১৩০টি পত্রিকার কাটিং ট্রাইব্যুনালে উপস্থাপন করেন। এ ছাড়া তিনি বেশকিছু বই ট্রাইব্যুনালে উপস্থাপন করেছেন। এর মধ্যে রয়েছে ‘বুদ্ধিজীবী স্মারক গ্রন্থ’, ‘একাত্তরের যুদ্ধাপরাধীরা কে কোথায়’, ‘একাত্তরের ঘাতক ও দালালেরা কে কোথায়’, ‘মুক্তিযুদ্ধের ইতিহাস’, ‘মতিউর রহমান নিজামী আলবদর থেকে মন্ত্রী’, ‘ঘাতকের দিনলিপি’ এবং ‘আলবদর’। শাহজাহান কবীরের জবানবন্দি শেষে তাঁকে জেরার জন্য আগামী রোববার দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।
চারজনের জবানবন্দি সাক্ষ্য হিসেবে গ্রহণ
এ মামলায় আজ তদন্ত কর্মকর্তাকে দেওয়া রাষ্ট্রপক্ষের চার মৃত ব্যক্তির জবানবন্দি সাক্ষ্য হিসেবে গ্রহণ করেছেন ট্রাইব্যুনাল। এই চার ব্যক্তি হলেন সাবেক তদন্ত কর্মকর্তা আবদুস সামাদ তালুকদার, মুনীর চৌধুরীর ছেলে আশফাক মুনীর (মিশুক মুনীর), শহীদ অধ্যাপক মোফাজ্জল হায়দার চৌধুরীর ছেলে তসলিম সুমন হায়দার চৌধুরী এবং ফেনীর বাসিন্দা আবুল কালাম আজাদ।