‘ওর বাবারে ও দেখতে পারল না, এ কষ্ট আমি কী করে সইব!’ তিন মাসের মেয়েকে কোলে নিয়ে এভাবেই আহাজারি করছিলেন নাটোরের নলডাঙ্গা উপজেলার জনার্দনবাটি গ্রামের গৃহবধূ রিতা বেগম।
রিতার স্বামী অসীম আলী (২৫) কাজ করতেন সৌদি আরবের রাজধানী রিয়াদের একটি কারখানায়। গত বুধবার শহরের মানফুহা এলাকার সোফা তৈরির ওই কারখানায় আগুন লেগে মারা গেছেন তিনি। একই ঘটনায় মারা গেছেন আরও তিন বাংলাদেশি। তাঁরা হলেন সাদ্দাম হোসেন (৩২), জামাল হোসেন মোল্লা (৪২) ও আমিরুল ইসলাম (৩২)। সবার বাড়ি নাটোরের নলডাঙ্গা উপজেলার খাজুরা ইউনিয়নে। জামাল হোসেন মোল্লার বাড়ি জনার্দনবাটি গ্রামে, সাদ্দাম হোসেনের শ্রীপুরপাড়া ও আমিরুল ইসলামের বাড়ি ভাটোপাড়া গ্রামে।
জীবিকার তাগিদে বিদেশে যাওয়া চার শ্রমিকের মৃত্যুতে প্রত্যেকের গ্রামে শোক নেমে এসেছে। প্রত্যেকে ছিলেন নিজ নিজ পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি।
পরিবারের লোকজন ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই কারখানায় সাত বাংলাদেশি শ্রমিক চাকরি করতেন। রাতে কারখানার একটি কক্ষেই তাঁরা ঘুমাতেন। জনার্দনবাটি গ্রামের বাসিন্দা মজিউর রহমান জানান, তিনিও রিয়াদের একটি দোকানে কাজ করেন। সম্প্রতি দেশে এসেছেন। দুর্ঘটনার খবর পেয়ে তিনি সেখানে অবস্থানরত তাঁর চাচাতো ভাই মজিবুর রহমানের সঙ্গে দুর্ঘটনার ব্যাপারে কথা বলেন। মজিবুর রহমানের বরাত দিয়ে তিনি এই প্রতিনিধিকে জানান, বুধবার বিকেলে কারখানায় কাজ চলাকালে একটি শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। এ সময় নিহত শ্রমিকেরা ঘর থেকে ব্যক্তিগত মালামাল সরাতে গিয়ে আগুনে আটকা পড়েন। সেখানেই তাঁরা মারা যান।
ভাটোপাড়া গ্রামে আমিরুল ইসলামের বাড়িতে গিয়ে কথা হয় তাঁর মা আমেনা বেগমের সঙ্গে। তিনি জানান, মারা যাওয়ার কয়েক ঘণ্টা আগেও আমিরুল ফোন করে মেয়ের খোঁজ নিয়েছিলেন। এখন সব শেষ।
জনার্দনবাটি গ্রামের জামাল হোসেন মোল্লার বাড়িতে গিয়ে জানা যায়, বুধবার (১৭ আগস্ট) তাঁর দেশে ফেরার কথা ছিল।
শ্রীপুরপাড়ার নিহত সাদ্দাম হোসেনের বাড়িতে গিয়ে দেখা যায় আহাজারি করছেন তাঁর মা ছামেলা বেগম। তিনি বলেন, ‘আমি এখন শুধু ছেলের মুখটা দেখতে চাই।’