‘বাবুরে নিয়া আমি বাঁচতে চাই’
‘আপনারা আমারে বাঁচান, ওরা আমারে মাইর্যা ফালাইবে। আমি আমার বাবুরে নিয়া বাঁচতে চাই। আমারে একটু বাঁচার পথ দ্যাখান। আমারে আমার মায়ের কাছে যাইতে দ্যান।’ এ আকুতি পটুয়াখালীর গলাচিপা উপজেলার ডাকুয়া ইউনিয়নের বড়চত্রা গ্রামের গৃহবধূ রুজিনা আকতারের। যৌতুকের দাবিতে রুজিনাকে তাঁর স্বামী আবুল বশার ও শ্বশুরবাড়ির লোকজন শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় রুজিনা এলাকাবাসীর সহযোগিতায় আদালতে মামলা করলে তাঁর ওপর নির্যাতন আরও বেড়ে যায়। মামলা তুলে নেওয়ার জন্য তাঁকে ঘরে আটকে রেখে দফায় দফায় মারধর করা হয়। সর্বশেষ ১৪ জানুয়ারি তাঁকে বেধড়ক মারধর করা হলে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। এ অবস্থায় তাঁর চিকিৎসারও কোনো ব্যবস্থা করা হয়নি। কারও সঙ্গে তাকে দেখা করতে বা কথা বলতে দেওয়া হচ্ছে না। এমনকি তাঁর মায়ের সঙ্গেও মুঠোফোনে কথা বলতে দেওয়া হচ্ছে না।এ ব্যাপারে কথা বলার জন্য আবুল বশারকে কয়েকবার খোঁজ করেও তাঁকে পাওয়া যায়নি। বারবার চেষ্টা করে তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া গেছে। তবে বশারের মা রাজিয়া বেগমের দাবি, পারিবারিক ঘটনা নিয়ে মামলা করে রুজিনাই তাঁদের হেনস্তা করছে। রুজিনাকে কোনো নির্যাতন করা হচ্ছে না।