'বাবুল আক্তারের সঙ্গে কোনো সম্পর্ক নেই'
চট্টগ্রামের সাবেক পুলিশ কর্মকর্তা বাবুল আক্তারের সঙ্গে কোনো সম্পর্ক নেই বলে জনিয়েছেন বনানী বিনতে বসির নামে এক নারী। গত মঙ্গলবার মাগুরা প্রেসক্লাবে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
চট্টগ্রামে খুন হওয়া মাহমুদা খানম মিতুর স্বামী বাবুল আক্তারের সঙ্গে বনানীর সম্পর্ক আছে বলে তাঁর দুই ননদ সম্প্রতি অভিযোগ করেন। এ অভিযোগের ভিত্তিতে কয়েকটি গণমাধ্যমে সম্প্রতি খবর প্রকাশিত হওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বনানী।
বনানী সাংবাদিকদের বলেন, ২০১৫ সালের ১৩ জানুয়ারি সড়ক দুর্ঘটনায় নিহত হন তাঁর স্বামী পুলিশের সাব-ইন্সপেক্টর আকরাম হোসেন। এরপর স্বামীর সম্পত্তি থেকে তাঁকে বঞ্চিত করতে দুই ননদ জান্নাত আরা ও শামীমা নাসরীন তাঁর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ আনতে থাকেন। প্রথমে তাঁরা বলেছিলেন, বনানীর এক দূরসম্পর্কের ভাইয়ের সঙ্গে তাঁর সম্পর্ক রয়েছে। এখন বলছেন, বাবুল আক্তারের সঙ্গে তাঁর সম্পর্কের কথা।
বনানীর ননদ শামীমা নাসরীন গতকাল প্রথম আলোকে বলেন, ‘আমার ভাই আকরাম হোসেনকে হত্যা করা হয়েছে। কিন্তু পুলিশের লোকজন প্রভাব খাটিয়ে তাঁর মৃত্যু সড়ক দুর্ঘটনায় হয়েছে বলে চালিয়ে দিয়েছে।’ তিনি অভিযোগ করেন, তাঁর ভাইয়ের মৃত্যুর পর বনানী মাগুরায় গিয়ে বাবুল আক্তারের বাড়ি ভাড়া নেন। ওই সময়েই বাবুলের সঙ্গে তাঁর সম্পর্ক হয়।
এ বিষয়ে বনানী বলেন, ‘আমি মাগুরায় একটি বেসরকারি মোবাইল অপারেটর অফিসে সার্ভিস প্রোভাইডার হিসাবে কাজ করি। কখনো বাবুল আক্তারের মাগুরার বাসায় যাইনি। আমি বাবার বাড়ি ঝিনাইদহ থেকে এখানে এসে অফিস করি।’