দ্বিদলীয় মেরুকরণের বাইরে বাম বিকল্প শক্তির মাধ্যমে এ দেশের মেহনতি মানুষের মুক্তি সম্ভব।
গতকাল শনিবার বাংলাদেশের কমিউনিস্ট পার্টির চট্টগ্রামের পটিয়া উপজেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে পার্টির কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ শাহ আলম এ কথা বলেন।
মোহাম্মদ শাহ আলম আরও বলেন, লুটেরা, সাম্রাজ্যবাদী, জঙ্গিবাদী ও সাম্প্রদায়িক শক্তির হাত থেকে দেশকে বাঁচাতে এবং মেহনতি মানুষের মুক্তি আনতে হলে কমিউনিস্ট পার্টি ও গণসংগঠনগুলোকে আরও শক্তিশালী করতে হবে।
পটিয়ার একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কমিউনিস্ট পার্টির সভাপতি পুলক কুমার দাশ। এতে বিশেষ অতিথি ছিলেন দলের চট্টগ্রাম দক্ষিণ অঞ্চলের আহ্বায়ক আবদুল নবী, চট্টগ্রাম জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য কানাই লাল দাশ। সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন পটিয়া উপজেলা শাখার সাবেক সভাপতি মুক্তিমান বড়ুয়া ও বরুণ কানুনগো, সাবেক সাধারণ সম্পাদক শ্যামল দে, কৃষক সমিতির চট্টগ্রাম দক্ষিণ জেলার সহসভাপতি নজরুল ইসলাম আজাদ, সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক শহীদুল ইসলাম।
এর আগে বেলা ১১টার দিকে পটিয়া কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের উদ্বোধন করা হয়।