'বার্জার তরুণ শিল্পী চিত্রকর্ম প্রতিযোগিতা' ২২ বছরে পড়ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বার্জার তরুণ শিল্পী চিত্রকর্ম প্রতিযোগিতা’ ২২ বছরে পড়ছে। ১৯৯৬ সাল থেকে প্রতিবছর এই চিত্রকর্ম প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। প্রতিযোগিতার এ বছরের কর্মসূচি জানাতে গতকাল শনিবার গুলশান ক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের জ্যেষ্ঠ মহাব্যবস্থাপক (মার্কেটিং অ্যান্ড সেলস) মহসিন হাবিব চৌধুরী, মহাব্যবস্থাপক (মার্কেটিং) সাদেক নেওয়াজ, ২২তম বার্জার তরুণশিল্পী চিত্রকর্ম প্রতিযোগিতার জুরি কমিটির চেয়ারম্যান চিত্রশিল্পী মনিরুল ইসলাম, উপদেষ্টা জুরি কমিটির সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন নিসার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে মহসিন হাবিব চৌধুরী এই বছরে অনুষ্ঠেয় প্রতিযোগিতার নানা কার্যক্রম ঘোষণা করেন। তিনি জানান, প্রতিযোগিতায় বিজয়ীরা প্রাইজ মানি ও কলকাতার রবীন্দ্রভারতীতে চিত্রকর্মশালায় অংশগ্রহণের সুযোগ পাবেন।
এবার চিত্রশিল্পে অনন্য অবদান রাখার জন্য আজীবন সম্মাননা দেওয়া হবে বরেণ্য চিত্রশিল্পী মাহমুদুল হককে। বিজয়ীদের ৬টি পেইন্টিংসহ বাছাইকৃত ৪০টি পেইন্টিং নিয়ে পাঁচ দিনব্যাপী প্রদর্শনীর আয়োজন করা হবে।