'বার্জার রঙে রঙিন বৈশাখ' আলপনার মোড়ক উন্মোচিত

বাংলা নববর্ষ ১৪২৩-এর বিশেষ আয়োজন ‘বার্জার রঙে রঙিন বৈশাখ’ শীর্ষক আলপনা উৎসবের মোড়ক উন্মোচিত হয়েছে। ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউতে এক অনুষ্ঠানে এ মোড়ক উন্মোচন করা হয়। বার্জার পেইন্টস বাংলাদেশের পৃষ্ঠপোষকতায় এশিয়াটিক ইএক্সপি এবারের আলপনা উৎসবের আয়োজন করছে। আজ বুধবার এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রূপালী চৌধুরী, জিএম (মার্কেটিং) এ কে এম সাদেক নেওয়াজ, এশিয়াটিকের চেয়ারম্যান এবং এশিয়াটিক থ্রিসিক্সটি-এর সিইও আলী যাকের, এশিয়াটিক ইএক্সপির জিএম ফারুক আহমেদ এবং প্রখ্যাত চিত্রকর মো. মনিরুজ্জামান মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আজ ১৩ এপ্রিল রাত ১০টার দিকে মানিক মিয়া অ্যাভিনিউতে ‘বার্জার রঙে রঙিন বৈশাখ’ শীর্ষক আলপনা উৎসবের উদ্বোধন করবেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী ও সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।
পয়লা বৈশাখকে সামনে রেখে রাজপথে এশিয়াটিক ইএক্সপি আয়োজিত আলপনা অঙ্কনের এ উৎসব আজ রাত ১১টা থেকে শুরু হয়ে বৃহস্পতিবার ভোর পর্যন্ত চলবে। সংস্কৃতি অঙ্গনের প্রথিতযশা শিল্পী এবং রাজধানী ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে আসা শিক্ষার্থী, অঙ্কনশিল্পী ও সংস্কৃতিমনা জনসাধারণের অংশগ্রহণে এ আয়োজন চলবে। এই সময়ের জনপ্রিয় সংগীতশিল্পী অদিতি এবং তাঁর দল সংগীত পরিবেশন করবে। এ অনুষ্ঠানের মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে বেসরকারি একাত্তর টেলিভিশন ও রেডিও স্বাধীন।