'বার্ন ট্যাংকে' যন্ত্রণামুক্তি

‘অনুরোধ কইরা কই, আমারে ব্যথা দিবাইন না। লাগলে কন ট্যাকা দিমু। অজ্ঞান কইরা করনের দরকার হইলে অজ্ঞান কইরা লন।’ ২৫ বছর বয়সী রিপন এভাবেই কাকুতি-মিনতি করছিলেন। নারায়ণগঞ্জে রাজমিস্ত্রির কাজ করা রিপন পাঁচ দিন আগে বৈদ্যুতিক তারে জড়িয়ে পুড়েছেন। পুরো পিঠ, হাত, মাথার চুল পর্যন্ত পুড়ে গেছে।
গতকাল শনিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের একটি কক্ষে রিপনের আকুতি শুনে পাশে দাঁড়ানো নাজমুল হাসান ও ওয়াজ কুরুনী হাসছিলেন। তাঁদের হাসার কারণ একটু পরেই জানা গেল। কক্ষটির বাইরে লেখা ‘বার্ন ট্যাংক’। ভেতরে গোসলের জন্য বড় একটি বাথটাব। তাতে ওষুধ মেশানো ঈষদুষ্ণ পানি। রিপনকে বিশেষ ট্রলিতে নেওয়া হলো বাথটাবের কাছে। বিশেষ কায়দায় লিফটসহ তাঁকে শোয়ানো হলো পানিতে। ভয়ে তাঁর চোখ-মুখ তখনো শক্ত হয়ে আছে। পানিতে শোয়ানোর কিছুক্ষণ পর চোখ মুখ কুঁচকে থাকলেও আস্তে আস্তে কিছুটা স্বাভাবিক হতে থাকেন। সেখানে শুইয়ে রেখে নাজমুল হাসান আস্তে আস্তে হ্যান্ড শাওয়ার দিয়ে রিপনের শরীরে পানি দিচ্ছিলেন আর ওয়াজ কুরুনী তুলা দিয়ে ক্ষত পরিষ্কার করে দেন। শুরুতে রিপন যতটা ভয় পেয়েছিলেন, পরে আর ততটা চিৎকার করলেন না। গোসল শেষে রিপনকে লিফটে করে অন্য একটি শাওয়ার ট্রলিতে নিয়ে বসানো হলো। সেখানে তাঁর শরীর শুকিয়ে ওষুধ লাগিয়ে ব্যান্ডেজ করে দেওয়া হলো।
খুব কি ব্যথা লেগেছে? জানতে চাইলে রিপন বললেন, ‘ব্যথা তো আইজকা একটু কমই লাগল। কিন্তু এর আগে তো শরীরের চামড়া টাইন্যা টাইন্যা তুলছিল।’
রোগীদের অত্যাধুনিক পদ্ধতিতে ড্রেসিং করানোর জন্য প্রশিক্ষণ পাওয়া বার্ন ইউনিটের কর্মী নাজমুল হাসান জানালেন, এর আগে রিপনকে স্বাভাবিক প্রক্রিয়ায় ড্রেসিং করানো হয়েছে। সেখানে গজ ঘষে ঘষে পোড়া জায়গা পরিষ্কার করা হয়। পর্যাপ্ত পানি পাওয়া যায় না। তাই তাঁর মন থেকে ভয় যাচ্ছিল না। সে প্রক্রিয়ায় রোগী ব্যথায় অনেক চিৎকার করে। রিপনকে বাথটাব থেকে নামানোর পর নিমেশে বাথটাবের পুরো পানি বের হয়ে জীবাণুমুক্ত হয়ে গেল। কর্মরতরা জানালেন, নতুন রোগীর জন্য আবার নতুন করে প্রক্রিয়া শুরু হবে। সব মিলে সময় লাগল ২০ মিনিটের মতো।
বার্ন ইউনিটে পোড়া রোগীদের বর্তমানে অত্যাধুনিক পদ্ধতিতে বার্ন ট্যাংক ইউনিটে ড্রেসিং করানো হচ্ছে। মাস ছয় ধরে এ সুবিধা চালু হয়েছে। বর্তমানে এ ধরনের বার্ন ট্যাংক ইউনিট (লিফট, বাথটাব, শাওয়ার ট্রলিসহ) আছে মাত্র তিনটি। কিন্তু রোগীর সংখ্যা ঢের বেশি। আবার প্রশিক্ষিত জনবলেরও সংকট রয়েছে। ফলে সবাই এ সুযোগ পাচ্ছে না।
বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের বিভাগীয় প্রধান অধ্যাপক আবুল কালাম প্রথম আলোকে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুদান থেকে তিনটি মেশিন কেনা, ছাদে পানির জন্য আলাদা লাইন বসানো, জীবাণুমুক্ত পানি গিজারে ঢোকানো, কক্ষগুলোকে বিশেষ কায়দায় প্রস্তুত করাসহ পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে প্রায় তিন কোটি টাকা খরচ হয়েছে। সাধারণত ৪০ শতাংশের বেশি পোড়া রোগীদের এ পদ্ধতিতে ড্রেসিং করানোর চেষ্টা করা হয়। বাংলাদেশে আর কোনো হাসপাতালে এখন পর্যন্ত এ সেবা চালু হয়নি।
জানা গেল, গতকাল ১০০ শয্যার হাসপাতালটিতে রোগী ভর্তি ছিল ৪৭৩ জন। একেকটি বার্ন ট্যাংকে দিনে গড়ে ছয় থেকে সাতজনকে সেবা দেওয়া সম্ভব হচ্ছে। বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের আবাসিক সার্জন চিকিৎসক হোসাইন ইমাম ব্যাংককে গিয়ে তাঁর যে অভিজ্ঞতা হয়েছিল, তা উল্লেখ করে প্রথম আলোকে বলেন, সেখানে একটি ওয়ার্ডের ১০ জনের জন্য একটি করে বার্ন ট্যাংক ইউনিট কাজ করছে। বার্ন ট্যাংকে গরম পানি থাকায় রোগীদের অনেকটা ফিজিওথেরাপিরও কাজ করে। শিশু ও বয়স্কদের জন্য আলাদা ব্যবস্থা করা গেলে তারা একটু স্বস্তি পেত।