সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় এর অধীন ১৭টি দপ্তর ও সংস্থার সঙ্গে ২০১৫-১৬ অর্থবছরের ‘বার্ষিক কর্মসম্পাদন চুক্তি’ সই করেছে। সরকারি কাজে স্বচ্ছতা, জবাবদিহি, দায়িত্বশীলতা ও গতিশীলতা আনতে এই চুক্তি সই হয়।
গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রণালয়ের পক্ষে ভারপ্রাপ্ত সচিব আকতারী মমতাজ ও সংস্থাগুলোর প্রধানেরা নিজেদের পক্ষে চুক্তিতে সই করেন।
চুক্তি সই অনুষ্ঠানে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেন, কর্মকর্তাদের দায়িত্বশীলতা ও দক্ষতা বাড়াতে এ চুক্তি সাহায্য করবে। এর ফলে মন্ত্রণালয়ের লক্ষ্য ও উদ্দেশ্য পরিপূর্ণভাবে অর্জিত হবে, সেবার মান বৃদ্ধি পাবে।
সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীনস্থ সংস্থা ও দপ্তরগুলো হলো জাতীয় জাদুঘর, শিল্পকলা একাডেমী, বাংলা একাডেমি, প্রত্নতত্ত্ব অধিদপ্তর, আর্কাইভস ও গ্রন্থাগার অধিদপ্তর, গণগ্রন্থাগার অধিদপ্তর, লোক ও কারুশিল্প ফাউন্ডেশন, জাতীয় গ্রন্থকেন্দ্র, কপিরাইট অফিস, নজরুল ইনস্টিটিউট, কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্র, ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট (রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি), ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমি-বিরিশিরি, রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমি এবং মণিপুরী ললিতকলা একাডেমি।
উল্লেখ্য, সরকারি কাজে স্বচ্ছতা, জবাবদিহি ও গতিশীলতা আনতে সরকার সম্প্রতি বার্ষিক কর্মসম্পাদন চুক্তির প্রবর্তন করেছে।