'বালু চক্রের' বিরুদ্ধে ঝাড়ুমিছিল
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে গতকাল শুক্রবার ঝাড়ুমিছিল, প্রতিবাদ সভা ও মানববন্ধন করেছেন চার গ্রামের কয়েক শ নারী-পুরুষ। ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা সিন্ডিকেট করে মেঘনা তীরবর্তী চারটি গ্রামের পাশ থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছেন বলে অভিযোগ রয়েছে।
এলাকার অনেকে ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, উপজেলার পিরোজপুর ইউনিয়নের ভাটিবন্দর, জিয়ানগর, কান্দারগাঁও ও ঝাউচর গ্রামের কয়েক শ নারী-পুরুষ গতকাল জুমার নামাজের পর মসজিদের মাইকে ঘোষণা দিয়ে সবাই একত্র হন। পরে তাঁরা নদীর তীরে বালু সন্ত্রাসীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে ঝাড়ুমিছিল, প্রতিবাদ সভা ও মানববন্ধন করেন।
পিরোজপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) ৮ নম্বর ওয়ার্ডের সদস্য কবির হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন স্থানীয় মানবাধিকার নেত্রী জাহানারা বেগম, ব্যবসায়ী ইমান আলী, কৃষক গোলজার হোসেন, আলী হোসেনসহ ওই এলাকার কৃষক, জেলে, শ্রমিক ও সাধারণ মানুষ।
বক্তারা বলেন, উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মীরা সিন্ডিকেট করে প্রতিদিন ও রাতের বেলা নদীতীরবর্তী ওই চারটি গ্রামের পাশ থেকে অবৈধভাবে বালু কেটে নিচ্ছেন। বাধা দেওয়ায় গত কয়েক দিনে সন্ত্রাসীরা ১০ জন কৃষককে পিটিয়ে আহত করেছে। বক্তারা অভিযোগ করেন, আওয়ামী লীগের নেতারা অবৈধভাবে বালু উত্তোলনের সময় সন্ত্রাসীদের নিয়ে মাঝনদীতে অস্ত্রের মহড়া দেন। সম্প্রতি বালু উত্তোলনে বাধা দিতে নদীতে যাওয়ার পর সন্ত্রাসীরা গ্রামবাসীদের বহনকারী দুটি ট্রলার নদীতে ডুবিয়ে দিয়ে কুপিয়ে ২০ জনকে আহত করে। এ ঘটনায় থানায় মামলা করতে গেলে আওয়ামী লীগের নেতাদের চাপে পুলিশ মামলা নেয়নি।
জাহানারা আক্তার ও কবির হোসেন জানান, সোনারগাঁয়ে সাতটি বালুমহালের মধ্যে শুধু ‘চর রমজান সোনা উল্লাহ-৬’ বালুমহালের ইজারা নিয়ে সব কটি বালুমহাল থেকে বালু উত্তোলন করা হচ্ছে। এমনকি গ্রামের পাশ থেকে বালু উত্তোলন করাও হচ্ছে। ফলে চারটি গ্রামের প্রায় ১০০ বিঘা কৃষিজমি ও ২০টি বাড়িঘর নদীগর্ভে বিলীন হয়ে গেছে।
ইউএনও মাহামুদ হাসান বলেন, ‘জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত জেলা বালুমহাল ব্যবস্থাপনা কমিটির সভায় আমি বিষয়টি তুলে ধরেছি। আগামী বছর থেকে তীরবর্তী বালুমহালগুলোর ইজারা না দিতে অনুরোধ জানিয়েছি।’
‘চর রমজান সোনা উল্লাহ-৬’ বালু মহালের ইজারাদার ছাত্রলীগের সাবেক নেতা আবু নাঈম ইকবাল বলেন, ‘আমি অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বালু উত্তোলন করিনি। কিছু মানুষ আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।’