'বাল্যবিবাহ আইনের বিশেষ বিধান আত্মঘাতী'
প্রস্তাবিত বাল্যবিবাহ নিরোধ আইনের বিশেষ বিধানকে ‘আত্মঘাতী’ হিসেবে আখ্যায়িত করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি মো. ইমান আলী।
গতকাল শনিবার রাজধানীর একটি হোটেলে জাতীয় মানবাধিকার কমিশন আয়োজিত এক সেমিনারে কথাগুলো বলেন বিচারপতি মো. ইমান আলী। ‘জাতীয় মানবাধিকার প্রতিষ্ঠানসমূহের অভিজ্ঞতা বিনিময়: প্রতিবন্ধকতা ও উত্তরণের উপায়’ শীর্ষক এই সেমিনারে শিশু অধিকার-সংক্রান্ত এক বিশেষ অধিবেশনের প্রধান অতিথি ছিলেন তিনি।
বিচারপতি ইমান আলী বলেন, ১৬ বছরে িবয়ের বিশেষ বিধানের পক্ষে অনাকাঙ্ক্ষিত গর্ভধারণকে যুক্তি হিসেবে তুলে ধরা হয়েছে। এই সুযোগ নিয়ে অল্প বয়সে বিয়ের হিড়িক পড়ে যাবে। অনেক অভিভাবক অল্প বয়সে গোপনে মেয়ের বিয়ে দিয়ে, নয় মাস বা বছরখানেক পর মেয়ের অনাকাঙ্ক্ষিত গর্ভধারণকে অজুহাত হিসেবে তুলে ধরে বিয়ের সুযোগ নেবেন।
অধিবেশনের সভাপতি জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক বলেন, প্রস্তাবিত বাল্যবিবাহ আইনের বিশেষ বিধান নারীর উন্নয়নে দেশের অর্জনকে নষ্ট করে ফেলবে।
গতকাল সকালে এ সেমিনারের উদ্বোধন করেন আইনমন্ত্রী আনিসুল হক। বিশেষ অতিথি ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী আমীর-উল ইসলাম, ভারতের জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বিচারপতি এইচ এল দাত্তু।
বিকেলে প্রবাসী শ্রমিকদের অধিকার-সংক্রান্ত আরেক অধিবেশনে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জাতীয় মানবাধিকার কমিশনের সার্বক্ষণিক সদস্য মো. নজরুল ইসলাম, ভারতের মানবাধিকার কমিশনের সদস্য শরদ চন্দ্র সিনহা প্রমুখ।