'বাল্যবিবাহ ও নারী নির্যাতন কমাতে চাই সমন্বিত উদ্যোগ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। বিভিন্ন বেসরকারি সংস্থাও এ কাজে সরকারকে সহায়তা করছে। নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ ও প্রচারণা কার্যক্রমকে জোরদার করতে ইউনিয়ন পরিষদের (ইউপি) বার্ষিক বাজেটেও বরাদ্দ রাখা প্রয়োজন। বাল্যবিবাহ ও নারী নির্যাতন কমাতে প্রয়োজন সমন্বিত উদ্যোগ।
গতকাল মঙ্গলবার চট্টগ্রামের জেলা প্রশাসকের কার্যালয়ে ‘প্রটেক্টিং হিউম্যান রাইটস (পিএইচআর) প্রকল্পের’ জেলা পর্যায়ে প্রকল্প সমাপনী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। ইউএসএআইডি ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় বেসরকারি সংস্থা ঘাসফুল চট্টগ্রামের পটিয়া উপজেলায় এ প্রকল্প বাস্তবায়ন করেছে।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের জেলা প্রশাসক মো. সামসুল আরেফিন। তিনি বলেন, সরকার পারিবারিক সহিংসতার হার হ্রাস ও অন্যান্য মানবাধিকার লঙ্ঘনের ঘটনাকে কমিয়ে আনার লক্ষ্যে কাজ করছে। বেসরকারি সংস্থাগুলোও সরকারের উন্নয়ন সহযোগী হিসেবে কাজ করছে।
অনুষ্ঠানে জানানো হয়, পিএইচআর প্রকল্পের আওতায় উপজেলা প্রশাসন ও স্থানীয় ইউপির সহায়তায় পটিয়ার ২২টি ইউনিয়নে ৬২টি বাল্যবিবাহ প্রতিরোধ করা হয়েছে। পটিয়া উপজেলার ভাটিখাইন ও বড়উঠান ইউনিয়নকে বাল্যবিবাহমুক্ত ঘোষণা করা হয়েছে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও সব শ্রেণি-পেশার মানুষের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। বাল্যবিবাহ ও নির্যাতন কমাতে নারী-পুরুষ সবার মধ্যে সচেতনতা তৈরি করতে হবে। এ ছাড়া ইউনিয়ন নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির কার্যক্রম সচল রাখতে হবে। নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করলেও সুফল পাওয়া যায়।
অনুষ্ঠানে প্রকল্পের সাফল্যের বিষয়ে বিভিন্ন তথ্যউপাত্ত উপস্থাপন করেন প্ল্যান ইন্টারন্যাশনালের আঞ্চলিক কর্মসূচি ব্যবস্থাপক মো. তারেকুজ্জামান। ঘাসফুলের উপপরিচালক মফিজুর রহমানের সভাপতিত্বে ও সহকারী পরিচালক আনজুমান বানুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মাসুকুর রহমান, জেলা লিগ্যাল এইড অফিসার ফারহানা ইয়াসমিন। এ ছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের কাউন্সিলর আবিদা আজাদ, বেসরকারি সংগঠন লিরোর প্রধান নির্বাহী নুর জাহান খান, ইলমার প্রধান নির্বাহী জেসমিন সুলতানা পারু।