বিশেষ বিধান জুড়ে দেওয়া বাল্যবিবাহ নিরোধ আইন নারীর গণতান্ত্রিক অধিকারের পরিপন্থী। আইনের বিশেষ বিধানটি জাতীয় ও আন্তর্জাতিক সনদ ও বিধিবিধানও লঙ্ঘন করেছে। কোনোভাবেই এই বিধানকে সমর্থন দেওয়া যাবে না। বাল্যবিবাহ আইন শর্তহীন হতে হবে, কোনোভাবেই ১৮ বছরের নিচে কোনো নারীর বিয়ে দেওয়া যাবে না।
গতকাল শুক্রবার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্র চট্টগ্রাম কমিটির উদ্যোগে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন। ‘বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৬’ শীর্ষক খসড়া আইনের বিশেষ বিধান বাতিল করা নিয়ে এ সভা হয়।
সভায় বক্তারা বলেন, গত ২৪ নভেম্বর ‘বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৬’ শীর্ষক খসড়া বিল অনুমোদন দেয় মন্ত্রিপরিষদ। এতে মেয়েদের বিয়ের বয়স ১৮ রাখা হলেও বিশেষ ক্ষেত্রে মেয়েদের সর্বোত্তম স্বার্থে, আদালতের নির্দেশে ও মা-বাবার সম্মতিতে যেকোনো অপ্রাপ্তবয়স্ক মেয়ের বিয়ে দেওয়ার বিশেষ বিধান রাখা হয়েছে। এই বিধান বাল্যবিবাহকে উৎসাহিত করবে, শিক্ষাক্ষেত্রে মেয়েদের ঝরে পড়ার হার, মাতৃমৃত্যুর হার বাড়াবে। অর্থনৈতিক কর্মকাণ্ডে নারীর অংশগ্রহণ বাধাগ্রস্ত হবে, যৌন নির্যাতনের ঘটনাও বাড়বে।
বক্তারা বলেন, বাল্যবিবাহ শুধু নারীর সমস্যা নয়, এটি জাতীয় সমস্যা। রাজনৈতিক কারণে সরকার এ ধরনের একটি বিধান যুক্ত করেছে। এতে একটি গোষ্ঠীর মন রক্ষা করা হয়েছে। কিন্তু বৃহত্তর স্বার্থে আইনের এই বিশেষ বিধান বাতিল করতে হবে। এ জন্য প্রত্যেক সচেতন নাগরিককে যার যার জায়গা থেকে কঠোর প্রতিবাদ জানাতে হবে।
সভায় আরও বক্তব্য দেন লেখিকা ফেরদৌস আরা আলিম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাদুঘরের সাবেক কিউরেটর শামসুল হোসাইন, মুক্তিযুদ্ধবিষয়ক গবেষক মাহফুজুর রহমান, জাতীয় মুক্তি কাউন্সিলের সভাপতি ভুলন ভৌমিক, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) নারী সেলের নেত্রী রেখা চৌধুরী, শিশুরোগ বিশেষজ্ঞ সুশান্ত বড়ুয়া প্রমুখ। সভা সঞ্চালনা করেন বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্র চট্টগ্রাম জেলার সভাপতি আসমা আক্তার।