'বাল্যবিবাহ নিরোধের বিশেষ বিধান নিয়ে আলোচনা নিরর্থক'

বাল্যবিবাহ নিরোধ আইনের বিশেষ বিধান নিয়ে যেসব আলাপ-আলোচনা হচ্ছে তা নিরর্থক বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, যখন কোনো আইন তৈরি করা হয় তখন তা এমনভাবে করা হয় যাতে জনগণের পক্ষে পালন করা সম্ভব হয়।
গতকাল মঙ্গলবার রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে অতিরিক্ত জেলা ও দায়রা জজ এবং সমপর্যায়ের জুডিশিয়াল কর্মকর্তাদের ‘১৩৫তম রিফ্রেশার কোর্সের’ উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, দেশে যে বাল্যবিবাহ নিরোধ আইন তৈরি করা হয়েছে তাতে বলা আছে, ১৮ বছরের কম বয়সী কোনো মেয়েকে এবং ২১ বছরের কম বয়সী ছেলেকে বিয়ে দেওয়া যাবে না বা তারা বিয়ে করতে পারবে না। এটা হচ্ছে এ আইনের মূল বিষয়। তবে জরুরি প্রয়োজন দেখা দিলে অভিভাবকদের সম্মতি ও আদালতের অনুমতি নিয়ে বিয়ে হতে পারে। তার মানে এই নয় যে ১৮ বছর ও ২১ বছরের বিয়ের বিধান শিথিল করা হয়েছে। তিনি বলেন, জরুরি অবস্থায় পশ্চিমা দেশে যেসব ব্যবস্থা আছে সেগুলো বাংলাদেশে কোনো ধর্মেই প্রয়োগযোগ্য নয়। এ জন্য জরুরি অবস্থার ক্ষেত্রে এ রকম একটি বিকল্প ব্যবস্থা রাখা হয়েছে।