'বাল্যবিবাহমুক্ত' জেলা ঘোষণা চলছে নিয়ম না মেনেই
পর্যাপ্ত তথ্য-উপাত্ত হাতে নিয়েই কোনো জেলা বা উপজেলাকে ‘বাল্যবিবাহমুক্ত’ হিসেবে ঘোষণা দেওয়ার কথা। প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভর্ন্যান্স ইনোভেশন ইউনিটের (জিআইইউ) পক্ষ থেকে এ ঘোষণা দেওয়ার মাপকাঠিও নির্ধারণ করা আছে। তবে বাস্তবে তা মানা হচ্ছে না। ঘোষণার পরে ওই এলাকাতে বাল্যবিবাহ ঠেকানোর জন্য ভ্রাম্যমাণ আদালতও পরিচালিত হচ্ছে।
গতকাল মঙ্গলবার সিলেটকে আনুষ্ঠানিকভাবে বাল্যবিবাহমুক্ত জেলা হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে। এর আগে গত অক্টোবরে হবিগঞ্জসহ একাধিক জেলা, উপজেলা, ইউনিয়ন এমনকি গ্রামকেও বাল্যবিবাহমুক্ত ঘোষণা করেন সরকারি কর্তাব্যক্তিরা। কিন্তু ঘোষণার পরেও পরিস্থিতির খুব একটা হেরফের হচ্ছে না।
গত বছরের নভেম্বর মাসে দেশের প্রথম জেলা হিসেবে লালমনিরহাটকে বাল্যবিবাহমুক্ত বলে ঘোষণা করেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। সে সময়ে জেলা প্রশাসক ছিলেন হাবিবুর রহমান। তিনি আর ওই দায়িত্বে নেই। প্রথম আলোকে টেলিফোনে তিনি বলেন, দুই বছরের প্রস্তুতি নিয়ে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে উদ্বুদ্ধকরণ সভা এবং অন্যান্য কার্যক্রম শেষে জেলাকে বাল্যবিবাহমুক্ত ঘোষণা করা হয়। বাল্যবিবাহ যে নেই তা নয়, ঘোষণার ফলে ৯৫ শতাংশ বাল্যবিবাহ কমে যায়।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভর্ন্যান্স ইনোভেশন ইউনিট (জিআইইউ) ২০১৪ সাল থেকে উদ্ভাবনী উপায়ে বাল্যবিবাহ নিরোধে কাজ করছে। ইউনিটের পক্ষ থেকে বাল্যবিবাহমুক্ত ঘোষণা করার জন্য নির্ধারিত মাপকাঠি বা পালনীয় শর্তের প্রথমেই বলা হয়েছে, জেলা/উপজেলাকে যে সময় বাল্যবিবাহমুক্ত ঘোষণা করা হবে, তার আগের কমপক্ষে তিন বছরের বিবাহ নিবন্ধনের সংখ্যা পর্যালোচনা করতে হবে। ঘোষণার আগের দুই বছরে হাসপাতাল/ক্লিনিকে ১৯ বছর বয়সের নিচে কত মা সন্তান জন্ম দিয়েছেন, তার তথ্য থাকতে হবে। জেলা/উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠান, বিশেষ করে মাধ্যমিক পর্যায়ের বিদ্যালয় ও মাদ্রাসার ঝরে পড়া ছাত্রীদের সংখ্যা এবং তারা বিয়ে করেনি, এ তথ্য থাকতে হবে। উপজেলাকে বাল্যবিবাহমুক্ত ঘোষণা করতে ন্যূনতম একটি ইউনিয়নকে নির্বাচিত করে সেখানে ঘোষণার পূর্ববর্তী এক বছরের বিবাহ সম্পর্কে জরিপ করা এবং কোনো বাল্যবিবাহ হয়নি, তা নিশ্চিত করতে হবে। জেলার ক্ষেত্রে সব উপজেলার নির্বাচিত ইউনিয়ন থেকে বাল্যবিবাহ হয়নি, তা নিশ্চিত হতে হবে। সরকারি লাইসেন্সপ্রাপ্ত বিবাহ নিবন্ধক এবং তালিকাভুক্ত বিবাহ সম্পন্নকারী ছাড়া আর কেউ বিয়ে পড়াননি, সে তথ্য থাকতে হবে। জেলা/উপজেলার মহিলাবিষয়ক কর্মকর্তা, যেসব এনজিও বাল্যবিবাহ প্রতিরোধে কাজ করছে এবং ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পর্যালোচনা করে ঘোষণার পূর্বের এক বছরে কোনো বিয়ে হয়নি, তা নিশ্চিত হতে হবে। এই শর্তগুলো পূরণ হলে জেলা বা উপজেলাকে প্রাথমিকভাবে বাল্যবিবাহমুক্ত হিসেবে ঘোষণা করা যাবে। এ ঘোষণার পরবর্তী তিন বছর জরিপের মাধ্যমে আর কোনো বিয়ে হয়নি, তা নিশ্চিত হলে তখন চূড়ান্ত ঘোষণা দেওয়া যাবে।
তবে প্রধানমন্ত্রীর কার্যালয়ের জিআইইউ ইউনিটের উপপরিচালক হাসিনা বেগম বলেন, বাল্যবিবাহমুক্ত ঘোষণার জন্য ইউনিটের পক্ষ থেকে মাপকাঠি নির্ধারণ করে দেওয়া হয়েছে। তবে এখন পর্যন্ত সেভাবে মাপকাঠি মেনে জেলা বা উপজেলাকে বাল্যবিবাহমুক্ত ঘোষণা দেওয়া হচ্ছে, তা বলা যাচ্ছে না। নিয়ম অনুযায়ী একবার ঘোষণা দেওয়া হলে সেখানে আর বাল্যবিবাহ হবে না। প্রথম আলোসহ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, বাল্যবিবাহমুক্ত জেলা বা উপজেলায় বাল্যবিবাহ হচ্ছেই। আর কোনো তথ্য-উপাত্ত ছাড়াই ঘোষণা করে দেওয়ার ফলে বিষয়টি ঠুনকো হয়ে যাচ্ছে। তাই ইউনিটের পক্ষ থেকে জেলা প্রশাসনে কর্মরতদের আহ্বান করা হচ্ছে, চমক বা বাহবা পাওয়ার জন্য যাতে কেউ এ ধরনের ঘোষণা না দেন।
গত ফেব্রুয়ারিতে মেহেরপুরকে বাল্যবিবাহমুক্ত জেলা হিসেবে ঘোষণা করেন মন্ত্রিপরিষদ সচিব। মেহেরপুর স্টেডিয়াম মাঠে এক গণসমাবেশে বিভিন্ন শ্রেণিপেশার প্রায় ২০ হাজার মানুষকে শপথবাক্য পাঠ করানো হয়। তবে মেহেরপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সেখ ফরিদ আহমেদ টেলিফোনে প্রথম আলোকে বলেন, কোনো কোনো সময় দুই দিনে একটি বাল্যবিবাহও বন্ধ করতে হচ্ছে। প্রায়ই রাতের বেলা অভিযান চালাতে হচ্ছে। জেলা শতভাগ বাল্যবিবাহমুক্ত হয়ে গেছে, তা বলা যাবে না। গোপনে অনেক বিয়ে হচ্ছে, যা চিহ্নিত করাই সম্ভব হচ্ছে না।
প্রথম আলোর মৌলভীবাজার প্রতিনিধি কথা বলেছেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মাসুকুর রহমান সিকদারের সঙ্গে। এই কর্মকর্তা জানিয়েছেন, বাল্যবিবাহমুক্ত ঘোষণার আগে আলাদাভাবে জরিপ করে তথ্য-উপাত্ত সংগ্রহ করা হয়নি। তবে সতর্ক করা, সচেতনতা তৈরিসহ বিভিন্ন উদ্যোগ নেওয়ার পরেই এ ঘোষণা দেওয়া হয়। চলতি বছরের সেপ্টেম্বরে এ জেলাকে বাল্যবিবাহমুক্ত ঘোষণা করা হয়। বরিশাল প্রতিনিধি জানিয়েছেন, আট মাসের প্রচার শেষে চলতি বছরের মে মাসে বরিশাল জেলাকে বাল্যবিবাহমুক্ত ঘোষণা করা হয়। বরিশালের জেলা প্রশাসক গাজী সাইফুজ্জামান প্রথম আলোকে বলেছেন, ‘প্রতি মাসে গড়ে ৮ থেকে ১০টি বাল্যবিবাহ হতে যাচ্ছে বলে খবর পাওয়া যায়, তখন সবার সহযোগিতা নিয়ে তা বন্ধ করা হচ্ছে।’
আন্তর্জাতিক সংস্থা সেভ দ্য চিলড্রেন বিভিন্ন এলাকায় সহযোগী এনজিওর মাধ্যমে বাল্যবিবাহ প্রতিরোধে কাজ করছে। এ সংস্থার ডেপুটি কান্ট্রি ডিরেক্টর ইশতিয়াক মান্নান বলেন, নিয়ম মেনে জেলা উপজেলাকে বাল্যবিবাহমুক্ত ঘোষণা করা উচিত। ঘোষণা করে দায়িত্ব শেষ করলে হবে না, বিষয়টি নজরদারির আওতায় আনতে হবে। এলাকায় সামাজিক আন্দোলন গড়ে তুলে এবং সুরক্ষা নিশ্চিত করে বাল্যবিবাহ প্রতিরোধ করতে হবে।