'বাল্যবিবাহের গ্রাম' নুনেরটেক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাল্যবিবাহ প্রতিরোধে স্থানীয় প্রশাসন পদক্ষেপ নিলেও অভিভাবকেরা অন্যত্র নিয়ে মেয়েদের বিয়ে দিচ্ছেন। গত নয় মাসে গ্রামের ১৮ জন স্কুলছাত্রীর বিয়ে হয়েছে। বাল্যবিবাহের কারণে গ্রামটির উচ্চমাধ্যমিকের গণ্ডি পার হয়েছে হাতে গোনা কয়েক জন। এই চিত্র রাজধানীর উপকণ্ঠ নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার নুনেরটেক গ্রামের।
নদীবেষ্টিত নুনেরটেকে ১৫ হাজার মানুষের বসবাস। গ্রামের সঙ্গে নেই সরাসরি সড়ক যোগাযোগ, উপজেলা সদর থেকে ট্রলারে যেতে সময় লাগে ঘণ্টা খানেক। গ্রামটিতে দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও একটি মাধ্যমিক বিদ্যালয় রয়েছে। উন্নয়নবঞ্চিত গ্রামটিতে কোনো পাকা সড়ক ও বিদ্যুৎ নেই। গ্রামের অধিকাংশ বাসিন্দা নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত নয় মাসে গ্রামের ১৮ জন স্কুলছাত্রীর বিয়ে হয়েছে। এর মধ্যে তৃতীয় শ্রেণির দুজন, পঞ্চম শ্রেণির একজন, ষষ্ঠ শ্রেণির চারজন, সপ্তম শ্রেণির পাঁচজন, অষ্টম শ্রেণির তিনজন, নবম শ্রেণির দুজন ও দশম শ্রেণির দুজন শিক্ষার্থীর বাল্যবিবাহ হয়েছে।
চলতি বছরের ২৭ মে নুনেরটেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীর বিয়ের অনুষ্ঠানের আয়োজন করেন তার অভিভাবকেরা। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওই বাড়িতে গিয়ে বিয়ের আয়োজন বন্ধ করে দেন। পপির মা মেয়েকে বিয়ে দেবেন না বলে মুচলেকা দেন। কিন্তু সেদিন রাতেই মেয়েকে অন্য একটি গ্রামে নিয়ে বিয়ের কাজ সম্পন্ন করেন তিনি।
বিয়ের ছয় মাস পরেই বিবাহবিচ্ছেদ হয়েছে এ গ্রামের নবম শ্রেণির এক ও অষ্টম শ্রেণির এক ছাত্রীর। আবারও তারা বিদ্যালয়ে যাচ্ছে। সর্বশেষ গত মঙ্গলবার ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীর বিয়ে হয়েছে। স্থানীয় প্রশাসনের নজর এড়াতে পার্শ্ববর্তী বারদী গ্রামে তার অভিভাবকেরা বিয়ের আয়োজন করেন। মুঠোফোনে ওই ছাত্রী জানায়, তার ইচ্ছার বিরুদ্ধে বাবা-মা অন্য গ্রামে নিয়ে বিয়ে দিয়েছেন।
নুনেরটেক উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুহাম্মদ শাহজালাল বলেন, দুই বছর আগেও এ গ্রামের মাত্র তিনজন ছাত্রী ছাড়া অন্য মেয়েরা কলেজে ভর্তি পর্যন্ত হতে পারেনি। বাল্যবিবাহ এর অন্যতম কারণ। স্কুলে পড়া অবস্থায় গ্রামের মেয়েদের বিয়ে দিয়ে দেন অভিভাবকেরা।
নুনেরটেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি জাকারিয়ার নবম শ্রেণি পড়ুয়া মেয়ের বিয়ে হয় এক বছর আগে। জাকারিয়া বলেন, ‘আমার মেয়ের বাল্যবিবাহ হয়েছে এ কথা সত্য। ভবিষ্যতে চেষ্টা করব গ্রামে যাতে আর কারও বাল্যবিবাহ না হয়।’ বারদী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জহিরুল হক দাবি করেন, গ্রামটিতে দীর্ঘদিন ধরে বাল্যবিবাহ চলছে। প্রচার-প্রচারণার পর বর্তমানে বাল্যবিবাহ কিছুটা কমে আসছে। উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা শাহরিনা জাহান বলেন, ব্যাপক প্রচারণা চালানোর পরও নুনেরটেক গ্রামে বাল্যবিবাহ ঠেকানো যাচ্ছে না।