'বাস গর্তে পড়লে বুকটা কেঁপে ওঠে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যশোর–খুলনা মহাসড়কের ২০ কিলোমিটার  অংশ অত্যন্ত নাজুক। ভাঙাচোরা রাস্তায় প্রায়ই ঘটছে দুর্ঘটনা, বিকল হচ্ছে যানবাহন। দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রীদের।  রামনগর পিকনিক কর্নার সংলগ্ন গোপালপুর মোড় থেকে গত শনিবার তোলা ছবি  l প্রথম আলো
যশোর–খুলনা মহাসড়কের ২০ কিলোমিটার অংশ অত্যন্ত নাজুক। ভাঙাচোরা রাস্তায় প্রায়ই ঘটছে দুর্ঘটনা, বিকল হচ্ছে যানবাহন। দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রীদের। রামনগর পিকনিক কর্নার সংলগ্ন গোপালপুর মোড় থেকে গত শনিবার তোলা ছবি l প্রথম আলো

যশোর-খুলনা মহাসড়কের যশোরের মুরলী মোড় থেকে অভয়নগর উপজেলার নওয়াপাড়া পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার রাস্তা খানাখন্দে ভরে গেছে। এই অংশটি সংস্কারের জন্য ঠিকাদারকে কাজ দেওয়া হলেও বৃষ্টির কারণ দেখিয়ে তিনি কাজ বন্ধ রেখেছেন। এ অবস্থায় ভাঙাচোরা রাস্তায় প্রায়ই ঘটছে দুর্ঘটনা, বিকল হচ্ছে যানবাহন। দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রীদের।
দেশের অন্যতম বড় শিল্প ও ব্যবসাকেন্দ্র নওয়াপাড়া। এখান থেকে প্রতিদিন সার, সিমেন্ট, রড, পাথর এবং শিল্পপণ্য বোঝাই কয়েক শ ট্রাক মহাসড়কটি দিয়ে রাজধানীসহ দেশের উত্তরাঞ্চল এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে যায়। ব্যবসায়ী ও পরিবহন শ্রমিকেরা বলছেন, মহাসড়কটির অবস্থা অত্যন্ত খারাপ হওয়ায় পণ্য পরিবহনে নানা জটিলতার সৃষ্টি হচ্ছে।
সরেজমিন ঘুরে দেখা গেছে, মহাসড়কটির মুরলী, রাজারহাট, গোপালপুর গেট, জামতলা, রূপদিয়া, শাঁখারীগাতী মোড়, পদ্মবিলা, ঘুনির মোড়, বসুন্দিয়া, উড়োতলা, ভাঙ্গাগেট ও নওয়াপাড়া অংশে রাস্তা ভেঙে ছোট-বড় অসংখ্য খানাখন্দের সৃষ্টি হয়েছে। এসব খানাখন্দে জমছে বৃষ্টির পানি। এই অবস্থায় যানবাহন চলাচল করায় খানাখন্দগুলো আরও গভীর হচ্ছে।
সদর উপজেলার সিঙ্গিয়া আদর্শ ডিগ্রি কলেজের প্রভাষক মহিদুল ইসলাম খান। তিনি বাসা ভাড়া করে থাকেন নওয়াপড়ায়। সেখান থেকে প্রতিদিন বাসে করে কলেজে যাওয়া-আসা করেন। মহিদুল বলেন, ‘বর্ষায় কাদাপানিতে মহাসড়কটির একেবারেই বাজে অবস্থা। বাস গর্তে পড়লে বুকটা কেঁপে ওঠে।’ আর কত খারাপ হলে মহাসড়কটি সংস্কার করা হবে?’
বাসচালক আবুল কালাম আজাদ বলেন, ‘যশোর থেকে নওয়াপাড়া পর্যন্ত রাস্তার অবস্থা খুবই খারাপ। রাস্তার মধ্যে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এতে অত্যন্ত ঝুঁকি নিয়ে গাড়ি চালাতে হচ্ছে।’
অভয়নগর উপজেলার পাঁচকবর এলাকার জোবায়ের হোসেন বলেন, ‘মহাসড়কের নওয়াপাড়া অংশের অবস্থা এতই খারাপ যে রাস্তার পাশ দিয়ে হাঁটতেও ভয় লাগে। মনে হয়, এই বুঝি যানবাহন গায়ের ওপর উল্টে পড়ল।’
যশোর সড়ক ও জনপথ বিভাগ সূত্র জানায়, মহাসড়কটির মুরলী মোড় থেকে নওয়াপাড়া পর্যন্ত ১৯ দশমিক ৬৫ কিলোমিটার অংশের কাজ করছে রাজশাহীর যৌথ ঠিকাদারি প্রতিষ্ঠান আরবিএল-এএস (জেভি)। ১৬ কোটি ৫০ লাখ ৮৮ হাজার ১৫৪ টাকায় ঠিকাদারি প্রতিষ্ঠানকে কার্যাদেশ পেয়েছে গত ২৪ এপ্রিল। আগামী ২৩ ডিসেম্বরের মধ্যে কাজ শেষ করতে হবে। কাজ পাওয়ার মাস দুয়েক পরে কাজ শুরু করেন ঠিকাদার। কিন্তু কাজ চলছে খুবই ধীরগতিতে। এ পর্যন্ত মাত্র দেড় কিলোমিটার কাজ হয়েছে।
কাজের ধীরগতির বিষয়ে জানতে চাইলে আরবিএল-এএস (জেভি) এর স্বত্বাধিকারী আবদুল আওয়াল বলেন, ‘বৃষ্টির কারণে কাজ করতে পারছি না। আষাঢ় ও শ্রাবণ মাসে বৃষ্টির কারণে সারা দেশে সব উন্নয়ন কাজ বন্ধ থাকে। কিন্তু সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তাদের অনুরোধে কাজ শুরু করে ক্ষতির মুখে পড়েছি।’
আবদুল আওয়াল আরও বলেন, ‘এর পরও যান চলাচলের জন্য মহাসড়কটির বেশি খারাপ জায়গাগুলোতে ১৬ ট্রাক ভাঙা ইট দিয়ে গর্ত ভরে দিয়েছি।’
এ ছাড়া, অভয়নগর উপজেলার শেষ সীমানা থেকে নওয়াপাড়া পৌরসভা ভবন পর্যন্ত ৪ দশমিক ৩০ কিলোমিটার সড়কের অবস্থাও ছিল খুবই খারাপ। ২ কোটি ৪০ লাখ টাকায় এই অংশটির সংস্কারের কাজ করছে ঢাকার ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স জামিল ইকবাল। কাজ প্রায় শেষ পর্যায়ে। ২০০ মিটারের মতো বাকি আছে।
ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রকল্প ব্যবস্থাপক মো. কামরুজ্জামান বলেন, ‘আমরা কাজ প্রায় শেষ করে ফেলেছি। বৃষ্টির কারণে ২০০ মিটার কাজ বাকি আছে। বৃষ্টি একটু কমলে বাকি কাজ শেষ করে দেব।’
সড়ক ও জনপথ বিভাগ, যশোরের নির্বাহী প্রকৌশলী জিয়াউল হায়দার মুঠেফোনে প্রথম আলোকে বলেন, ‘আমরা চেষ্টা করেছিলাম, বৃষ্টি শুরু হওয়ার আগে যাতে মহাসড়কটির সংস্কারকাজ কাজ শেষ হয়। বারবার তাগিদ দেওয়ার পরও বৃষ্টির কারণ দেখিয়ে একজন ঠিকাদার ঠিকমতো কাজ করছে না। বৃষ্টির মধ্যে যাতে যানবাহন চলতে পারে, তার জন্য আমরা বিভাগীয়ভাবে মহাসড়কটির ভাঙা অংশগুলোতে ইট ও বালু দিয়ে ভরে দিচ্ছি।’