'বাসগুলো দিন-রাত রাস্তায় দাঁড়িয়ে থাকে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আন্তজেলা বাসগুলো রাস্তায় দাঁড়িয়ে যাত্রী ও পণ্য ওঠানামা করায় প্রতিদিনই আমাদের যানজটের ঝামেলায় পড়তে হয়। চলাচলে সময় নষ্ট হয়। কিন্তু কেউই এ ব্যাপারে কিছু বলছে না।’ কথাগুলো চট্টগ্রাম নগরের খুলশী এলাকার বাসিন্দা মকসুদ আমিনের।
চট্টগ্রাম নগরে সড়কের ওপর গড়ে তোলা আটটি অবৈধ বাসস্ট্যান্ডের কারণে মকসুদ আমিনের মতো নগরবাসীকে ভোগান্তিতে পড়তে হচ্ছে।
চট্টগ্রাম নগরের কদমতলী বিআরটিসি বাসস্ট্যান্ড-সংলগ্ন এলাকা, গরিবুল্লাহ শাহ (রহ.) মাজার এলাকায় গড়ে তোলা হয়েছে ঢাকা, কক্সবাজার, উত্তর ও দক্ষিণবঙ্গগামী বাসস্ট্যান্ড। স্টেশন রোড, মাদারবাড়ী, বড় পুল, অলংকার মোড়, এ কে খান গেট এলাকায় রয়েছে বৃহত্তর নোয়াখালী, বৃহত্তর কুমিল্লা ও চট্টগ্রামের বারইয়ারহাট এলাকার বাসস্ট্যান্ড। এসব স্ট্যান্ড থেকে ঢাকা, কক্সবাজার, উত্তর ও দক্ষিণবঙ্গগামী বাসও ছেড়ে যায়। অক্সিজেন মোড় এলাকায় সড়কের এক পাশে গড়ে উঠেছে রাঙামাটি, খাগড়াছড়ি এবং চট্টগ্রামের ফটিকছড়ি ও রাউজানে চলাচলকারী বাসের স্ট্যান্ড। নগরের চান্দগাঁও থানা ও আশপাশের এলাকার রাস্তা দখল করে থাকে বহদ্দারহাট স্থায়ী টার্মিনাল থেকে সড়কে উঠে আসা বিভিন্ন যাত্রাপথে চলাচলকারী বাস। নগরের শাহ আমানত সেতু (নতুন ব্রিজ) সংলগ্ন সড়কে স্ট্যান্ড গেড়েছে কক্সবাজার, আনোয়ারা ও বরকলে চলাচলকারী বাস।
নাম প্রকাশে অনিচ্ছুক অলংকার মোড়ের এক দোকানি বলেন, ‘বাসগুলো দিন-রাত রাস্তায় দাঁড়িয়ে থাকে। এতে আমাদের দোকানপাট কারও চোখে পড়ে না।’
গরিবুল্লাহ শাহ (রহ.) মাজারসংলগ্ন এলাকায় রয়েছে বিভিন্ন পরিবহন সংস্থার কাউন্টার। প্রতিদিন সকাল-সন্ধ্যায় যাত্রী ও পণ্য ওঠানামার কারণে খুলশী ও ফয়’স লেক আবাসিক এলাকা, চক্ষু হাসপাতাল, নাসিরাবাদ মহিলা কলেজ, ওমর গণি এমইএস কলেজ, বিটিভি চট্টগ্রাম কেন্দ্রে যাতায়াতকারীদের দীর্ঘ যানজটে পড়তে হয়।
নগরের স্টেশন রোড এবং বিআরটিসি বাসস্ট্যান্ড-সংলগ্ন এলাকায় আছে বিভিন্ন পরিবহন সংস্থার কাউন্টার। এর ফলে এ রাস্তায় চলাচলকারী নিউমার্কেট, বাংলাদেশ ব্যাংক ও আদালত ভবনগামী যাত্রীদের নিত্য যানজটের কবলে পড়তে হয়।
অক্সিজেন মোড় এলাকায় বিভিন্ন পরিবহন সংস্থার টিকিট কাউন্টার ও বাসস্ট্যান্ডের কারণে সড়কে বাস দাঁড়িয়ে থাকে। আর বাস থেকে নেমে আসা যাত্রীদের বিভিন্ন স্থানে পৌঁছে দিতে সেখানে জড়ো হয় সিএনজিচালিত অটোরিকশাসহ বিভিন্ন যানবাহন। এতে সেখানে নতুন করে যানজট তৈরি হয়।
আন্তজেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক কফিল উদ্দিন প্রথম আলোকে বলেন, আরও স্থায়ী বাস টার্মিনাল নির্মাণের দাবি এখনো পূরণ হয়নি। এ কারণে তাঁরা সড়কে গাড়ি দাঁড় করাতে বাধ্য হচ্ছেন।