‘বাসমালিক সমিতির অন্যায় সিদ্ধান্ত মানব না’
‘প্রয়োজনে আমরা নসিমন, ভটভটি দিয়ে চলাচল করব। তবু বাস মালিক সমিতির চাপিয়ে দেওয়া অন্যায় সিদ্ধান্ত মানব না।’ নীলফামারী প্রেসক্লাব আয়োজিত ‘পরিবহন সেক্টরে অচলাবস্থা, উন্নয়নের অন্তরায়’ শীর্ষক নাগরিক সংলাপে জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র দেওয়ান কামাল আহম্মেদ এসব কথা বলেন।সম্প্রতি জেলা বাস, মিনিবাস মালিক সমিতির এক সিদ্ধান্তে বলা হয়, জেলার প্রতিটি উপজেলার দিবাকালীন কোচ সর্বোচ্চ সকাল সাড়ে সাতটায় কাউন্টার ত্যাগ করে সকাল নয়টার মধ্যে সৈয়দপুরের ওয়াপদা মোড় ও কিশোরগঞ্জের মাগুড়া মোড় অতিক্রম করতে হবে। ঢাকা থেকে ছেড়ে আসা দিবাকালীন কোচগুলো সন্ধ্যা সাতটার পর মাগুড়া মোড় ও সৈয়দপুর টার্মিনাল অতিক্রম করে জেলার অভ্যন্তরে প্রবেশ করতে হবে। পাশাপাশি রাত্রিকালীন কোচগুলোকে রাত নয়টার পর কাউন্টার ত্যাগ করে নিজ নিজ গন্তব্যের উদ্দেশে যাত্রা করতে হবে।এ অবস্থায় জেলার দূরপাল্লার কোচ চলাচলের পাশাপাশি সাধারণ যাত্রীরা নানাভাবে হয়রানির শিকার হচ্ছে। এ অচলাবস্থা নিরসনে নীলফামারী জেলা প্রেসক্লাব গতকাল সোমবার সকালে স্থানীয় পৌরসভা মিলনায়তনে এক নাগরিক সংলাপের আয়োজন করে।প্রেসক্লাবের সভাপতি তাহমিন হকের সভাপতিত্বে সংলাপে অন্যান্যের মধ্যে অংশ নেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ আহসান আহম্মেদ, সাবেক সাংসদ এন কে আলম চৌধুরী, দৌলতন জাহান, ফজলুল হক, সিপিবির জেলা সভাপতি শ্রীদাম দাস, আরিফ হোসেন, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সাধারণ সম্পাদক মজিবুল হাসান, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমান, জেলা ছাত্রদলের সভাপতি আখতারুজ্জামান প্রমুখ। বক্তারা জেলা বাস মালিক সমিতির এ সিদ্ধান্তকে অযৌক্তিক, জনবিরোধী বলে আখ্যায়িত করে তা প্রত্যাখ্যান করে প্রয়োজনে বৃহত্তর আন্দোলন কর্মসূচির দাবি জানান।