'বাস্তবতার আলোকে' ভারপ্রাপ্ত সিইসি ওই মন্তব্য করেছেন: আ.লীগ

‘বিএনপি নাকে খত দিয়ে নির্বাচনে এসেছে’ ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার আবদুল মোবারক এ মন্তব্য ‘বাস্তবতার আলোকে’ করেছেন বলে মনে করে আওয়ামী লীগ। দলটির মতে, ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার সাংবিধানিক পদে থাকলেও তিনি রাষ্ট্র থেকে বিচ্ছিন্ন নন। বাস্তব পরিস্থিতির আলোকেই তিনি এ মন্তব্য করেছেন। এটা শুধু তাঁর কথা নয়, সারা দেশের মানুষের কথা।
আজ সোমবার বিকেলে ধানমন্ডিতে আওয়ামী লীগের সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে দলটির পক্ষ থেকে জাহাঙ্গীর কবির নানক সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জাহাঙ্গীর কবির বলেন, ‘স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে নির্বাচন কমিশন যথাযথ ব্যবস্থা নিয়েছে। সরকার শুধু তাদের সহায়তা করেছে। কিন্তু তার পরও বিএনপি-জামায়াতের সহিংস মনোভাবের কারণে বিভিন্ন জায়গায় অরাজকতা হয়েছে। কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সরকার সফলভাবে নির্বাচন সম্পন্ন করেছে।’
নানক বলেন, ‘বিএনপির লাগাতর বিবৃতি ও সংবাদ সম্মেলন পর্যালোচনা করলে দেশবাসীর আশা-আকাঙ্ক্ষার সাথে তা সংগতিপূর্ণ নয়, দুরভিসন্ধিমূলক। একদিকে তাঁরা নির্বাচনের আগে ভিত্তিহীন অভিযোগ করে। পরে জয়লাভের পর মুখে কুলুপ আঁঁটে। প্রকৃত অর্থে বিএনপি-জামায়াতিরা মিথ্যাচারের ন্যায় কুিসত ব্যাধিতে আক্রান্ত।’
সাবেক স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলেন, ‘নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে সন্দেহের অবকাশ নেই। নির্বাচন কমিশন যে কয়টি কেন্দ্রে ভোট স্থগিত করেছে, আমরা তার বিরোধিতা করিনি। স্বাগত জানিয়েছি। আগামীতে নির্বাচন কমিশনকে আরও শক্তিশালী করতে সরকার কাজ করবে।’ তিনি দাবি করেন, উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ সত্, যোগ্য, দেশপ্রেমিক প্রার্থীদের সমর্থন দিয়েছে।
বিএনপির প্রতি আহ্বান জানিয়ে জাহাঙ্গীর কবির নানক বলেন, ‘প্রকৃত গণতান্ত্রিক রাজনীতির সংস্কৃতির ধারায় ফিরে আসুন। একই সঙ্গে দেশের সব গণতান্ত্রিক, প্রগতিশীল, অসাম্প্রদায়িক ব্যক্তি, গোষ্ঠী ও সব শ্রেণী-পেশাসহ সর্বস্তরের জনসাধারণকে এই অশুভ শক্তির অপতত্পরতা সম্পর্কে সদা সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানাচ্ছি।’
সংবাদ সম্মেলনে গতকাল (রোববার) রাতে লক্ষ্মীপুর সদর উপজেলার দীঘলি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের যুবলীগের সভাপতি কবির হোসেনকে গুলি করে হত্যার প্রতিবাদ জানানো হয়। এ জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে অনতিবিলম্বে সুষ্ঠু তদন্ত করে দোষীদের শাস্তির আওতায় আনার আহ্বান জানানো হয়।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, আবু সাঈদ আল মাহমুদ, কার্যনির্বাহী কমিটির সদস্য এস এম কামাল হোসেন, সুজিত রায় নন্দী প্রমুখ।