'বাহিনীর ওপর হামলা ভালো লক্ষণ নয়'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশ ও মিলিটারি পুলিশ সদস্যের ওপর সন্ত্রাসীদের হামলা দেশের জন্য ভালো লক্ষণ নয়। আজ বুধবার সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে অনির্ধারিত আলোচনায় সরকারি দলের সাংসদ আবদুল মতিন খসরু এ কথা বলেন।

গতকাল মঙ্গলবার ঢাকার সেনানিবাসে সেনা সদস্যের ওপর হামলা এবং এর আগে সাভারে পুলিশ সদস্য নিহত হওয়ার ঘটনায় মতিন খসরু বলেন, যারা জীবন বাজি রেখে মানুষের নিরাপত্তা নিশ্চিতে কাজ করেন, তাঁদের ওপর হামলা মানে স্বাধীনতা-সার্বভৌমত্বের ওপর হামলা। আঘাত কেন আসল? সরকারকে তা খুঁজে বের করতে হবে। এর মূল উৎপাটন করতে হবে। স্বাধীনতা বিরোধী ও যুদ্ধাপরাধী এই শক্তিকে চিরতরে ধ্বংস করতে হবে। পুলিশ ও সেনা সদস্যের ওপর হামলার ঘটনায় জড়িতরা আন্তর্জাতিক ও জাতীয় জঙ্গিবাদী গোষ্ঠীর সঙ্গে জড়িত বলেও দাবি তিনি করেন।
এ ছাড়া অনির্ধারিত আলোচনায় জাতীয় পার্টির সাংসদ কাজী ফিরোজ রশীদ বলেন, সংসদের ‘পার্লামেন্ট মেম্বারস ক্লাব’ অরক্ষিত। এ বিষয়ে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর হস্তক্ষেপ কামনা করে তিনি বলেন, মানুষ মেম্বারস ক্লাব এলাকায় যখন যেভাবে পারে ঢুকছে। কারা এই এলাকায় থাকে তার কোনো তালিকা নেই। অন্ধকারে ভুতুড়ে হয়ে থাকে। কোনো লাইট নেই। এই এলাকাকে সুরক্ষিত করতে হবে।
সংসদের এলডি হল বাইরের লোকের কাছে ভাড়া না দেওয়ার দাবি জানিয়ে ফিরোজ রশীদ বলেন, বিয়ের অনুষ্ঠানের জন্য এটা ভাড়া দেওয়া হয়। অনেকে উপহার নিয়ে আসে। উপহারের ভেতর যদি কেউ পাঁচ পাউন্ডের বোমা নিয়ে আসে, তাহলে কী হবে? এগুলো বন্ধ করেন। সামান্য টাকার জন্য ভাড়া দেওয়ার দরকার নেই।