‘বাড়ি বাড়ি কাম করি বইলা ইলেকশন করবার পারুম না!’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ভুট দিলে মাইনষের সেবা করুম, না দিলে যা কপালে আচে, তাই করুম। বাড়ি বাড়ি কাম কইরা খাই বইলা ইলেকশন করবার পারুম না, তা তো কোনো কতা না।’মানিকগঞ্জ সদর উপজেলার আটিগ্রাম ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সংরক্ষিত নারী সদস্য পদপ্রার্থী হাসিনা বেগমের কথা এসব।গত সোমবার ওই ইউনিয়নে ভোট গ্রহণের সময় রাজনগর প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের সামনে কথা হয় হাসিনার সঙ্গে। তিনি বলেন, তাঁর স্বামী বাদশা খান কোনো কাজ না করায় তাঁকে বাড়ি বাড়ি কাজ করে সংসার চালাতে হয়। মাঝেমধ্যে ইউনিয়ন পরিষদের কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচি বা অন্য কোনো প্রকল্পের কাজও করেন। নির্বাচনে জিতে ভাতা দিয়েই সংসার চালানোর প্রত্যাশাও ছিল তাঁর।হাসিনা বেগমের নির্বাচনের পোস্টার-স্টিকার সবই হয়েছিল মানুষের অনুদানে। নির্বাচনে জেতার ব্যাপারে দৃঢ় প্রত্যয়ও ছিল তাঁর। হাসিনা বেগম লড়াই করেন টিয়া পাখি প্রতীক নিয়ে। তিনি বলেন, ‘টিয়া অইল দ্যাশের পাখি, সকের পাখি। মাইনষে আউস কইরা টিয়া পাখি পালে। আমিও দ্যাশের মাইয়া, আমারে ভুট না দিলে কি চলব। আউস কইরাই আমারে ভুট দিব।’ভোটকেন্দ্রে আসা ভোটারদের হাত ধরে হাসিনা বলতে থাকেন, ‘মানুষ তো ভিক্ষাও দেয়, এইবার না হয় আমারেই ভিক্ষাটা দিলেন।’ এমন আকুতিতেও অধিকাংশ ভোটারের মন গলেনি। নির্বাচনে তিনি পরাজিত হয়েছেন।ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত সদস্য পদে রফিজা বেগম এক হাজার ৮৬১ ভোট পেয়ে জয়ী হয়েছেন। আর হাসিনা বেগম পেয়েছেন মাত্র ১৩০ ভোট। পাঁচজন প্রার্থীর মধ্যে তাঁর অবস্থান পঞ্চম।গতকাল মঙ্গলবার আবার কথা হয় হাসিনার সঙ্গে। নির্বাচনে জয়ী হতে না পারার প্রসঙ্গ তুললে হাসিনা বলেন, ‘তেলওয়ালা মাথায়ই সবাই তেল দেয়। আমার মতো গরিবের খবর নেয় না কেউ, কিন্তু আমারে হগলতেই ভালোবাসে বইলাই আমি পার্তি অইচিলাম।’